সারাদেশ

ঢাকা-গোপালগঞ্জ রুটে নতুন কমিউটার ট্রেন ‘অভিযাত্রী’ চালু

নিজস্ব প্রতিবেদক
আপডেট: ০৮:৩১, ১০ আগস্ট ২০২৬
photo

পদ্মা সেতু হয়ে ঢাকা-গোপালগঞ্জ-ঢাকা রুটে আনুষ্ঠানিকভাবে চলাচল শুরু করেছে ‘অভিযাত্রী কমিউটার’ নামে এক জোড়া নতুন ট্রেন। সোমবার (১০ আগস্ট) বিকেল সাড়ে ৩টায় ঢাকা কমলাপুর রেলওয়ে স্টেশনে ট্রেনটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন সড়ক পরিবহন ও সেতু, নৌপরিবহন এবং রেলপথ মন্ত্রণালয়ের মন্ত্রী শেখ রবিউল আলম।


উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ, রেলপথ মন্ত্রণালয়ের সচিব মো. ফাহিমুল ইসলাম ও বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক মো. আফজাল হোসেনসহ সংশ্লিষ্ট দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা।


নতুন এই ট্রেনটি চালুর ফলে গোপালগঞ্জ ও এর মধ্যবর্তী এলাকার চাকরিজীবী, শিক্ষার্থী, ব্যবসায়ী ও সাধারণ যাত্রীরা প্রতিদিন স্বল্প খরচে ঢাকায় যাতায়াত করতে পারবেন। এতে করে ঢাকাকেন্দ্রিক স্থায়ী আবাসনের প্রবণতা কমবে, যা রাজধানী ঢাকার আবাসনব্যবস্থা, যানজট ও নগরসেবার ওপর চাপ কমাতে সহায়ক হবে। পাশাপাশি এই অঞ্চলের কৃষিপণ্য, শাকসবজি ও মাছ দ্রুত এবং কম খরচে ঢাকার বাজারে সরবরাহের সুযোগ সৃষ্টি হবে।


১৩৫ নম্বর ‘অভিযাত্রী কমিউটার’ ট্রেনটি প্রতিদিন বিকেল ৩টা ৩০ মিনিটে ঢাকা থেকে ছেড়ে সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে গোপালগঞ্জ পৌঁছাবে। অন্যদিকে ১৩৬ নম্বর ‘অভিযাত্রী কমিউটার’ গোপালগঞ্জ থেকে সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে ছেড়ে ঢাকায় পৌঁছাবে রাত ১০টা ২৫ মিনিটে।


১৪৮ কিলোমিটার দীর্ঘ এই রুটে ট্রেনটির মোট কোচ সংখ্যা ৮টি এবং আসন সংখ্যা ৬৩০টি। যাত্রা পথে ঢাকা ও গোপালগঞ্জের মধ্যবর্তী ৭টি স্টেশনে ট্রেনটি যাত্রাবিরতি দেবে।


স্টেশনগুলো হলো কেরানীগঞ্জ, শ্রীনগর, মাওয়া, ভাঙ্গা জংশন, নগরকান্দা, মহেশপুর ও কাশিয়ানী জংশন। প্রতি শনিবার ট্রেনটির সাপ্তাহিক ছুটি থাকবে।উদ্বোধনের পর ট্রেনটির প্রথম যাত্রায় যাত্রীদের সফরসঙ্গী হন গোপালগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মো. সেলিমুজ্জামান মোল্যা, গোপালগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ডা. কে এম বাবর ও গোপালগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য এস এম জিলানী।