নিজস্ব প্রতিবেদক
দেশে নতুন করে পাঁচ হাজার চিকিৎসক নিয়োগ দেবে সরকার। এর মধ্যে সহকারী সার্জন অথবা মেডিক্যাল অফিসার হিসেবে ৪ হাজার ৭০০ জনকে নিয়োগ দেয়া হবে।
এ ছাড়া সহকারী ডেন্টাল সার্জন নিয়োগ পাবেন আরো ৩০০ জন। সব মিলিয়ে বছরে তাদের বেতন-ভাতা বাবদ লাগবে ২৮৮ কোটি টাকা।
জানা গেছে, উপজেলা পর্যায়ে মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিতে মনোযোগী বিএনপি নেতৃত্বাধীন সরকার। এ লক্ষ্যে দুই বেলা বহির্বিভাগ, ল্যাবরেটরি ও জরুরি সেবা নিশ্চিতের উদ্যোগ নেয়া হচ্ছে।
সেই সঙ্গে ইনডোরে সার্বক্ষণিক চিকিৎসক উপস্থিতি নিশ্চিতের পদক্ষেপও নেয়া হচ্ছে। যার অংশ হিসেবে সহকারী সার্জন ও মেডিক্যাল অফিসার নিয়োগে তৈরি করা হচ্ছে নতুন আরও ৫ হাজার পদ। এর মধ্যে সহকারী সার্জন বা সমমানের ৪ হাজার ৭০০ এবং সহকারী ডেন্টাল সার্জনের পদ থাকছে ৩০০টি।
ইতোমধ্যে স্বাস্থ্য সেবা বিভাগের এ সংক্রান্ত প্রস্তাবে সায় দিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
চূড়ান্ত অনুমোদনের জন্য যা এখন অর্থ মন্ত্রণালয়ে রয়েছে। প্রস্তাব অনুযায়ী, এই খাতে কেবল বেতন-ভাতা বাবদ সরকারকে বছরে গুণতে হবে প্রায় ২৮৭ কোটি ৬৬ লাখ টাকা। সেই সঙ্গে অন্যান্য প্রশাসনিক ও পরিচালন ব্যয়ও রয়েছে।সারা দেশের ৩১ শয্যার ৪৮টি, ৫০ শয্যার ৩৭৩টি এবং ১০০ শয্যার ৯টিসহ মোট ৪৩০টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জন্য এসব পদ সৃষ্টি করা হচ্ছে। এর আগে কোভিড-১৯ মহামারির সময় ২০১৯-২০ অর্থবছরে শুধু স্বাস্থ্য সেবা বিভাগেই ১৫ হাজার ৩৮৮টি পদ সৃষ্টি করা হয়েছিল।
যার মধ্যে উল্লেখযোগ্য ছিল ৬ হাজার সহকারী সার্জন বা সমমান এবং ৪ হাজার সিনিয়র স্টাফ নার্সের পদে নিয়োগ।উল্লেখ্য, নতুন কর্মসংস্থান তৈরিতে সরকারি উদ্যোগের অংশ হিসেবে চলতি অর্থবছরে কেবল স্বাস্থ্যখাতেই পদ সৃষ্টি করে ১৫ হাজার ৮২০টি পদে নতুন জনবল নিয়োগ দেয়া হবে।