সারাদেশ

সারাদেশে আগামী ৫ দিন বর্ষণের পূর্বাভাস, তাপমাত্রা বাড়ার আভাস

নিজস্ব প্রতিবেদক
আপডেট: ০১:২৯, ০৮ আগস্ট ২০২৬
photo

সারাদেশজুড়ে আগামী পাঁচ দিন বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির ধারা অব্যাহত থাকতে পারে। এই সময়ে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। শুক্রবার সকালে প্রকাশিত আগামী ১২০ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এই তথ্যের কথা জানানো হয়।

 

আবহাওয়া অফিস জানায়, বর্তমানে মৌসুমি বায়ুর অক্ষের বর্ধিতাংশ রাজস্থান, পাঞ্জাব, হরিয়ানা, উত্তরপ্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর একটি বর্ধিতাংশ অবস্থান করছে উত্তর বঙ্গোপসাগরে। বর্তমানে মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে।

 

পূর্বাভাস অনুযায়ী, শুক্রবার সকাল থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী ও রংপুর বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। এ সময়ে সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।

 

পরদিন শনিবার রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। এদিন সারাদিনে তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

 

পরবর্তী দিন রোববার রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিন দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে।

 

সংস্থাটি আরও জানায়, আগামী সোমবার ও মঙ্গলবার রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি অব্যাহত থাকতে পারে। এই দুদিনই দেশের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। এছাড়া বর্ধিত পাঁচ দিনের আবহাওয়ার বিশ্লেষণে দেশে বৃষ্টিপাতের প্রবণতা আরও বৃদ্ধি পাওয়ার আভাস দেওয়া হয়েছে।