সারাদেশ

আমিও বিশ্বাস করতে চাই তিনি ডিসেম্বরেই আসবেন, আইনের মুখোমুখি হবেন: আইনমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
আপডেট: ০১:৩০, ০৮ আগস্ট ২০২৬
photo

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ডিসেম্বরেই দেশে ফিরে আইনের মুখোমুখি হবেন বলে আশা প্রকাশ করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট মো. আসাদুজ্জামান। তিনি বলেছেন, মানুষের ক্ষমতা যত বড়ই হোক না কেন, আইনের ক্ষমতা তার চেয়েও বড়। আইন তার নিজস্ব গতিতেই চলবে এবং এ সংক্রান্ত সব কাজ আইনি প্রক্রিয়ার মধ্য দিয়েই এগোবে।

 

শুক্রবার সকালে ঝিনাইদহের শৈলকূপা উপজেলা পরিষদ মিলনায়তনে বরেণ্য চিত্রশিল্পী মুস্তফা আনোয়ারের স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে আইনমন্ত্রী এসব কথা বলেন।

 

দেশের বর্তমান বিচার ব্যবস্থা নিয়ে আলোচনাকালে আইনমন্ত্রী উল্লেখ করেন, বিচার বিভাগে এখনো নানা ধরনের সমস্যা রয়ে গেছে। বিভিন্ন মানুষের কাছে এই সমস্যার ধরন ভিন্ন হতে পারে। কেউ হয়তো বলবেন বিচার বিভাগ দুর্নীতিতে ছেয়ে গেছে, কেউ বলবেন টাউট-বাটপারদের দৌরাত্ম্য বেড়েছে, আবার কেউ কাঠামোগত দুর্বলতার কথা তুলবেন। তবে তাঁর দৃষ্টিতে বিচার বিভাগের সবচেয়ে বড় সংকট হলো মানবিক মূল্যবোধসম্পন্ন বিচারকের অভাব।

 

তিনি স্পষ্ট করে বলেন, বিচারকের পেশা সমাজের অন্যান্য সাধারণ দশটি চাকরির মতো নয়। বিচারক হিসেবে দায়িত্ব নেওয়ার মূল উদ্দেশ্য হওয়া উচিত সমাজে ন্যায়বিচার প্রতিষ্ঠা করা এবং মানুষের প্রতি বিধাতাপ্রদত্ত বিচারিক দায়িত্ব যথাযথভাবে পালন করা। বিচারকরা যেদিন এই বিশেষ চেতনাকে হৃদয়ে ধারণ করে বিচারকের আসনে বসবেন, ঠিক সেদিনই দেশে প্রকৃতপক্ষে একটি স্বাধীন ও নিরপেক্ষ বিচারব্যবস্থা গড়ে উঠবে।

 

উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এই স্মরণসভায় স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং সাধারণ নাগরিকরা উপস্থিত ছিলেন।