সারাদেশ

সম্পত্তি দান করলেও জীবদ্দশায় পাওয়া যাবে স্বত্বভোগের অধিকার: মন্ত্রিসভায় আইনের খসড়া অনুমোদন

নিজস্ব প্রতিবেদক
আপডেট: ০৯:২৪, ০৩ আগস্ট ২০২৬
photo

সম্পত্তি দান করার পরও দাতা তার জীবদ্দশায় উক্ত সম্পত্তি ভোগ ও ব্যবহার করার আইনি অধিকার বজায় রাখতে পারবেন—এমন বিধান রেখে সংশ্লিষ্ট আইনের সংশোধনীর খসড়া নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

 সোমবার (৩ আগস্ট) সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে অনুষ্ঠিত মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়।
 

বর্তমানে প্রচলিত ‘সম্পত্তি হস্তান্তর (সংশোধন) আইন, ২০২৬’ অনুযায়ী, কোনো ব্যক্তি সম্পত্তি দান করলে তার মালিকানা ও ভোগদখলের পুরো অধিকার গ্রহীতার কাছে চলে যায়। তবে অনুমোদিত নতুন সংশোধনী অনুযায়ী, দানপত্রের মাধ্যমে সম্পত্তির আনুষ্ঠানিক মালিকানা হস্তান্তর হলেও দাতা নিজের জীবদ্দশায় তা ভোগদখল ও ব্যবহারের আইনি অধিকার সংরক্ষণ করতে পারবেন।

 

আজকের মন্ত্রিসভার বৈঠকে ‘গুম প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৬’-এর খসড়াও অনুমোদন পেয়েছে। বৈঠক শেষে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, এ আইনটি কার্যকর হলে গুম প্রতিরোধ, দায়ী ব্যক্তিদের দৃষ্টান্তমূলক বিচার, গুম হওয়া ব্যক্তিদের সন্ধান এবং ভুক্তভোগী ও তাদের পরিবারের আইনি অধিকার, উপযুক্ত ক্ষতিপূরণ ও পুনর্বাসন নিশ্চিত করতে একটি সুসংহত আইনগত কাঠামো তৈরি হবে।

 

এ ছাড়া বৈঠকে ‘অত্যাবশ্যকীয় ওষুধের তালিকা ২০২৬’ এবং ‘ওষুধের মূল্য নির্ধারণ পদ্ধতি ২০২৬’ বাতিলের পৃথক দুটি প্রস্তাবও সর্বসম্মতিক্রমে অনুমোদন করেছে মন্ত্রিসভা।