নিজস্ব প্রতিবেদক
সৌদি আরবের সঙ্গে কৌশলগত সম্পর্ক জোরদার এবং হুতিদের নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলার অংশ হিসেবে বাংলাদেশ নতুন সৌদি জোটে যোগ দিয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির।
রোববার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে উপদেষ্টা এই মন্তব্য করেন।
হুমায়ুন কবির জানান, রিয়াদের সঙ্গে ঢাকার সম্পর্ক আর শুধু ধর্মীয় অনুভূতি বা হজ-ওমরার মধ্যে সীমাবদ্ধ থাকছে না। তিনি বলেন, “সৌদি আরবের সঙ্গে আমাদের সম্পর্ক কেবল ধর্মীয় দৃষ্টিকোণ থেকে নয়, বরং ঢাকা ও রিয়াদের সম্পর্ক হবে আরও বেশি কৌশলগত ও মজবুত।”
সৌদি আরবের নিরাপত্তার যেকোনো প্রয়োজনে বাংলাদেশ পাশে থাকবে উল্লেখ করে তিনি বলেন, “বিশ্বের অন্যতম বৃহৎ মুসলিম দেশ হিসেবে বাংলাদেশ নৈতিক ও আদর্শিক জায়গা থেকে সবসময়ই সাড়া দেবে এবং সহায়তা করবে। মূলত এটি সেখানে হুতি চ্যালেঞ্জ মোকাবিলার জন্য গঠিত হয়েছে।”
তবে এই জোটে যোগ দিলেও এতে ইরানের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্কে প্রভাব পড়বে না বলে আশ্বস্ত করেন পররাষ্ট্র উপদেষ্টা। তিনি বলেন, “আমরা কিন্তু ইরানের সঙ্গেও ইতিবাচকভাবে কথা বলছি। সুতরাং এই জোটে যোগ দেওয়া মানেই ইরানকে আক্রমণ করার কোনো বিষয় নয়।”
জোটে বাংলাদেশের অংশগ্রহণের ধরন কেমন হবে—এমন প্রশ্নের জবাবে তিনি স্পষ্ট করেন যে, হুতি চ্যালেঞ্জ মোকাবিলায় বাংলাদেশের নিজস্ব সম্পদ ও সক্ষমতা (রিসোর্সেস) অনুযায়ী প্রয়োজনীয় সহায়তা দেওয়া হবে।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার সৌদি আরবের রাজধানী রিয়াদে ৪৩টি দেশের সামরিক প্রতিনিধি ও ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) প্রতিনিধিদলের অংশগ্রহণে এক আন্তর্জাতিক সম্মেলনের পর আনুষ্ঠানিকভাবে এই জোটের ঘোষণা দেওয়া হয়। বাংলাদেশ এই জোটের অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য হিসেবে অন্তর্ভুক্ত রয়েছে।