সারাদেশ

মানবিক আচরণে রোগীদের হৃদয়ে স্থান করে নিতে হবে চিকিৎসকদের : ভূমিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
আপডেট: ০৭:২৯, ০১ আগস্ট ২০২৬
photo

ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু বলেছেন, চিকিৎসক পেশা অত্যন্ত মর্যাদাপূর্ণ। শুধু সার্টিফিকেট অর্জনই শেষ কথা নয়, রোগীদের সঙ্গে অমায়িক ব্যবহার ও মানবিক আচরণের মাধ্যমে তাদের হৃদয়ে স্থান করে নিতে হবে।


শনিবার (১ আগস্ট) রাজশাহী মেডিকেল কলেজে এমবিবিএস ৬২তম ব্যাচের ইন্টার্ন চিকিৎসকদের শপথ ও ওরিয়েন্টেশন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।


ভূমিমন্ত্রী নবীন চিকিৎসকদের অভিনন্দন জানিয়ে বলেন, সৃষ্টিকর্তার নামে আজ যে শপথ আপনারা নিলেন, তা যেন আপনাদের কর্মজীবনে সততা, নিষ্ঠা এবং দেশপ্রেমের প্রতিফলন ঘটায়। অসহায় মানুষের সেবায় নিজেদের বিলিয়ে দিয়ে এই প্রতিষ্ঠানের সম্মান অক্ষুণ্ণ রাখতে তিনি সবার প্রতি আহ্বান জানান।


রাজশাহী মেডিকেল কলেজের গৌরবময় ঐতিহ্যের কথা স্মরণ করে তিনি বলেন, এই প্রতিষ্ঠানের কৃতি শিক্ষার্থীরা দেশ ও বিদেশে সুনামের সঙ্গে কাজ করছেন।


তিনি ডা. গোলাম মওলা, অধ্যাপক হারুন এবং ডা. মাহবুব হাসানের মতো বরেণ্য চিকিৎসকদের উদাহরণ দিয়ে বলেন, তাদের দক্ষতা ও অমায়িক ব্যবহারের কারণে রাজশাহী মেডিকেল কলেজ আজ দেশজুড়ে প্রশংসিত।


তিনি নিজের মায়ের চিকিৎসার অভিজ্ঞতা ও প্রখ্যাত চিকিৎসক ড. বিধান চন্দ্র রায়ের উদাহরণ টেনে বলেন, চিকিৎসকের সুন্দর ব্যবহার ও মৃদু হাসি একজন রোগীর অর্ধেক রোগ সারিয়ে তুলতে পারে।


রাজশাহীর স্বাস্থ্যখাতের উন্নয়নে সরকারের পরিকল্পনা তুলে ধরে মন্ত্রী বলেন, বর্তমান গণতান্ত্রিক সরকার স্বাস্থ্যসেবাকে মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে নিরলস কাজ করছে। তিনি ঘোষণা করেন, রাজশাহীতে একটি ডেন্টাল মেডিকেল কলেজ এবং চীন সরকারের সহযোগিতায় একটি অত্যাধুনিক বিশেষায়িত হাসপাতাল নির্মিত হবে।


এছাড়া ১২ তলাবিশিষ্ট হাসপাতালের অসমাপ্ত কাজ সমাপ্ত করা এবং শিশু হাসপাতালকে পূর্ণাঙ্গভাবে চালু করার প্রতিশ্রুতি দেন তিনি।