নিজস্ব প্রতিবেদক
ধর্মচর্চাকারীরা ধর্মব্যবসায়ীদের সঠিকভাবে চিনতে পারলে ধর্মচর্চা সার্থক হবে বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন। তিনি বলেছেন, "আমাদের ধর্মচর্চা তখনই সার্থক হবে, যখন আমরা ধর্মচর্চাকারীরা ধর্মব্যবসায়ীদেরকে সঠিকভাবে চিনতে পারব।"
শুক্রবার (৩১ জুলাই) দুপুরে বরিশাল জেলা শিল্পকলা একাডেমিতে বরিশাল জেলা পূজা উদযাপন পরিষদের দ্বিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তথ্যমন্ত্রী বলেন, "আমরা যে যার ধর্মকে কঠিনভাবে চর্চা ও বিশ্বাস করব। সেই কারণেই আমরা সব ধর্মকে সমানভাবে শ্রদ্ধা করব। যখনই আপনার, আমার ধর্ম বিশ্বাস-চর্চাকে কোনো মহল সূক্ষ্মভাবে একটি সাম্প্রদায়িক পকেটে পরিণত করার জন্য চক্রান্ত করবে, সঙ্গে সঙ্গে ধর্মপ্রাণ মানুষ ওই ধর্মব্যবসায়ীকে চিহ্নিত করবেন।"
সম্মেলনে সরকারের নীতি তুলে ধরে জহির উদ্দিন স্বপন বলেন, "প্রধানমন্ত্রী তারেক রহমান স্পষ্ট জানিয়ে দিয়েছেন—ধর্ম যার যার, রাষ্ট্র সবার। অতএব কোনো ধর্মাবলম্বীকে যদি কেউ ব্যবহার করতে চায়, রাষ্ট্রকে কোনো ধর্মের মাধ্যমে গ্রাস করবে, এ ধরনের সাম্প্রদায়িকতা ধর্মবিরোধী।"
রাজনৈতিক বক্তব্যের প্রাসঙ্গিকতা নিয়ে তিনি আরও যোগ করেন, রাজনৈতিক নেতাদের সমস্ত বক্তব্য জনগণের কল্যাণের জন্য। যতক্ষণ পর্যন্ত জনগণ তা কল্যাণকর মনে করবে, ততক্ষণ পর্যন্ত সেই দল ও প্রতীক জনগণের কাছে গ্রহণযোগ্য থাকবে।