সারাদেশ

দ্রব্যমূল্য ও জ্বালানি সংকট নিয়ে শাহবাগে বাংলাদেশ মঞ্চের নেতারা যা বললেন

নিজস্ব প্রতিবেদক
আপডেট: ০৯:৩৬, ২৯ জুলাই ২০২৬
photo

নিত্যপ্রয়োজনীয় পণ্যের লাগামহীন মূল্যবৃদ্ধি এবং দেশজুড়ে চলমান গ্যাস ও বিদ্যুৎ সংকটের প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ সমাবেশ করেছে 'বাংলাদেশ মঞ্চ'।
 

মঙ্গলবার (২৮ জুলাই) দুপুরে রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে এই প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ থেকে বাজার সিন্ডিকেট ভেঙে নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণ ও সরবরাহ দ্রুত স্বাভাবিক করার জোরালো দাবি জানানো হয়।
 

সমাবেশে উপস্থিত সংগঠনটির কেন্দ্রীয় নেতৃবৃন্দ দেশের বিদ্যমান অর্থনৈতিক ও সেবা খাতের পরিস্থিতি নিয়ে চরম ক্ষোভ প্রকাশ করেন। বক্তারা অভিযোগ করেন, চাল, ডাল, তেলসহ প্রতিটি নিত্যপণ্যের দাম সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার বাইরে চলে গেছে। পাশাপাশি রাজধানীতে তীব্র গ্যাস সংকট ও গ্রামাঞ্চলে নজিরবিহীন লোডশেডিংয়ে জনজীবন স্থবির হয়ে পড়েছে।

 

নীতি-নির্ধারণী প্রক্রিয়ার তীব্র সমালোচনা করে বাংলাদেশ মঞ্চের আহ্বায়ক ফুয়াদ সাকী বলেন, "জনগণের সেবায় যারা কাজ করছেন বা দেশের বাইরে কাজ করতে অভ্যস্ত, তারা এ দেশের সাধারণ মানুষের পালস বুঝবেন না। জনগণের ভালো চাইলে গ্রামগঞ্জ ও প্রান্তিক পর্যায়ে গিয়ে তাদের দুর্দশা সরেজমিনে দেখতে হবে।"

 

তিনি আরও বলেন, বিগত সরকারের ব্যর্থতার পুনরাবৃত্তি বর্তমান প্রেক্ষাপটেও দেশের মানুষ দেখতে চায় না। প্রধানমন্ত্রীর সঠিক পরামর্শকের অভাব রয়েছে দাবি করে তিনি সতর্ক বার্তা দেন— জনগণের মৌলিক অধিকার দ্রুত বাস্তবায়ন করা না গেলে সরকারকে কঠিন পরিস্থিতিতে পড়তে হতে পারে।

 

শ্রমিক জনতার দলের সাংগঠনিক সম্পাদক রিয়া পারভীন তাঁর বক্তব্যে বলেন, "জনগণের মৌলিক অধিকার ও নিত্যপ্রয়োজনীয় সেবা নিশ্চিত করা সরকারের অন্যতম প্রধান দায়িত্ব। গ্যাস ও বিদ্যুৎ খাতের এই চরম অব্যবস্থাপনা দ্রুত নিরসন না হলে সাধারণ মানুষের দুর্ভোগ সীমাহীন পর্যায়ে পৌঁছাবে।"

 

উক্ত প্রতিবাদ সভায় আরও বক্তব্য রাখেন আজাদ পার্টির প্রতিনিধি ব্রিগেডিয়ার জেনারেল হাসিনুর আহমেদ, জনতার দলের মেজর ডেল এইচ খান ও ফুয়াদ সাকী, 'ঢাকা বাঁচাও'-এর সোহানি শিফা, জেএসডির সানা সুলতানা, জাস্টিস ফর ডেমোক্রেসির নাঈম আহমেদ, সোস্যালিস্টের শামীম হোসেন এবং মাতৃভূমি রক্ষা পরিষদের ইঞ্জিনিয়ার সাকিব ফরাজি।

 

সমাবেশ শেষে অংশগ্রহণকারীরা বিভিন্ন দাবিসংবলিত প্ল্যাকার্ড হাতে স্লোগান দেন এবং দ্রব্যমূল্য হ্রাসসহ জ্বালানি সংকট নিরসনে সরকারের কার্যকর ও দ্রুত হস্তক্ষেপের দাবি জানান।