সারাদেশ

মন্ত্রিপরিষদ বিভাগের প্রশাসনিক কর্মকর্তা বরখাস্ত

নিজস্ব প্রতিবেদক
আপডেট: ০৫:০৩, ২০ জুলাই ২০২৬
photo

অনুমতি ছাড়া দীর্ঘদিন কর্মস্থলে অনুপস্থিত থাকা এবং ‘পলায়ন’-এর অভিযোগে মন্ত্রিপরিষদ বিভাগের প্রশাসনিক কর্মকর্তা মোহাম্মদ আব্দুল্লাহকে সরকারি চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে।


রোববার (১৯ জুলাই) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।


প্রজ্ঞাপনে বলা হয়, প্রশাসনিক কর্মকর্তা মোহাম্মদ আব্দুল্লাহ ২০২৫ সালের ৬ আগস্ট থেকে কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই কর্মস্থলে অনুপস্থিত ছিলেন। এ ঘটনায় তাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হলেও তার জবাব সন্তোষজনক বিবেচিত হয়নি।


পরে তার বিরুদ্ধে ‘সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮’ অনুযায়ী ‘পলায়ন’-এর অভিযোগে বিভাগীয় মামলা করা হয়। তদন্ত শেষে তদন্তকারী কর্মকর্তা তার বিরুদ্ধে আনা ‘পলায়ন’-এর অভিযোগ প্রমাণিত হয়েছে বলে প্রতিবেদন দাখিল করেন।


এরপর দ্বিতীয় দফায় তাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হলে তিনি যে জবাব দেন, সেটিও সন্তোষজনক বলে বিবেচিত হয়নি।


প্রজ্ঞাপনে আরো বলা হয়, অভিযুক্ত কর্মকর্তার বিরুদ্ধে আনা অভিযোগের গুরুত্ব বিবেচনায় তাকে সরকারি চাকরি থেকে বরখাস্তের প্রাথমিক সিদ্ধান্ত নেওয়া হয়।


এ বিষয়ে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) পরামর্শ চাওয়া হলে কমিশনও তাকে বরখাস্তের পক্ষে মতামত দেয়।


সব আইনি প্রক্রিয়া শেষে ‘সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮’-এর বিধি ৪(৩)(ঘ) অনুযায়ী তাকে চাকরি থেকে বরখাস্তের গুরুদণ্ড দেওয়া হয়েছে।


প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, এ আদেশ তার অনুপস্থিতির তারিখ অর্থাৎ ২০২৫ সালের ৬ আগস্ট থেকে কার্যকর হবে।