সারাদেশ

‘এশিয়া সিইও এক্সিলেন্স অ্যাওয়ার্ড’ পেলেন নুরুল আফছার

বৈশ্বিক মঞ্চে বাংলাদেশি নেতৃত্বের ভূয়সী প্রশংসা
নিজস্ব প্রতিবেদক
আপডেট: ০৭:৩৪, ১৬ জুলাই ২০২৬
photo

এশিয়ার ব্যবসায়িক ও করপোরেট খাতে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ আন্তর্জাতিক সম্মাননা পেয়েছেন বাংলাদেশের অন্যতম বৃহৎ শিল্পগোষ্ঠী ইলেক্ট্রো মার্ট গ্রুপের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মো. নুরুল আফছার। সম্প্রতি কম্বোডিয়ার রাজধানী নমপেনের শাংরি-লা হোটেলে আয়োজিত এক জমকালো অনুষ্ঠানে তাঁকে ‘এশিয়া ইমপ্যাক্টফুল অ্যান্ড ইনফ্লুয়েনশিয়াল সিইও অব দ্য ইয়ার’ খেতাব প্রদান করা হয়। ‘এশিয়া প্রেস্টিজ ৫০ আন্ডার ৫০ সিইও এক্সিলেন্স অ্যাওয়ার্ড ২০২৬’ শীর্ষক এই আয়োজনে এশিয়ার সেরা ৫০ জন তরূণ ও দূরদর্শী সিইও-র তালিকায় স্থান করে নিয়েছেন তিনি।

 

এশীয় অঞ্চলের অর্থনীতি, ব্যবসা ও প্রযুক্তিগত উদ্ভাবনে অসাধারণ অবদানের স্বীকৃতি দিতেই প্রতিবছর এই মর্যাদাপূর্ণ পুরস্কারের আয়োজন করা হয়। ৫০ বছরের কম বয়সী সফল প্রতিষ্ঠাতা, উদ্যোক্তা, ব্যবসায়ী ও সিইওদের নেতৃত্ব, ব্যবসায়িক রেজিলিয়েন্স বা ঘুরে দাঁড়ানোর ক্ষমতা এবং টেকসই উন্নয়ন ভাবনাকে বিশ্বমঞ্চে তুলে ধরাই এর মূল লক্ষ্য। এবারের আসরে বাংলাদেশসহ বিশ্বের ২৮টি দেশের প্রায় ২৮০ জনেরও বেশি উচ্চপদস্থ সিইও এবং করপোরেট লিডার অংশ নেন। অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন করেন কম্বোডিয়ার শিল্প, বিজ্ঞান, প্রযুক্তি ও উদ্ভাবন মন্ত্রী হেম ভান্দি।

 

৩৩ বছরেরও বেশি সময় ধরে বাংলাদেশের ইলেকট্রনিক্স খাতে নেতৃত্ব দিচ্ছেন মো. নুরুল আফছার। তাঁর দূরদর্শী ও আধুনিক ব্যবসায়িক পরিকল্পনার ফলে দেশের ইলেকট্রনিক্স শিল্পে ইলেক্ট্রো মার্ট গ্রুপ এক অনন্য উচ্চতায় পৌঁছেছে। নতুন মার্কেটিং স্ট্র্যাটেজি গ্রহণ, পণ্যে বৈচিত্র্য আনা, নিয়মিত বাজার গবেষণা এবং প্রোডাক্ট ডেভেলপমেন্টের মাধ্যমে তিনি প্রতিষ্ঠানটিকে সমৃদ্ধ করেছেন। বিশেষ করে, বিশ্বের শীর্ষস্থানীয় ব্র্যান্ড কনকা ও গ্রী-এর ইলেকট্রনিক্স পণ্য দেশেই উৎপাদনের জন্য কারখানা স্থাপন, বাজার সম্প্রসারণ এবং টেকসই কর্মপরিবেশ তৈরি করার ক্ষেত্রে তাঁর অবদান অপরিসীম।

 

মো. নুরুল আফছারের এই বৈশ্বিক অর্জনে অভিনন্দন জানিয়ে ইলেক্ট্রো মার্ট গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ নূরুন নেওয়াজ সেলিম বলেন, "নুরুল আফছারের উদ্ভাবনী ও দূরদর্শী নেতৃত্ব ইলেক্ট্রো মার্ট গ্রুপকে অনেক দূর এগিয়ে নিয়ে গেছে এবং প্রতিষ্ঠানে উৎকর্ষ অর্জনের সংস্কৃতি তৈরি করেছে। এই পুরস্কার তাঁর অসামান্য কাজেরই প্রতিফলন। তাঁর এই অর্জনে পুরো ইলেক্ট্রো মার্ট পরিবার অত্যন্ত গর্বিত।"

 

পুরস্কার প্রাপ্তির পর এক প্রতিক্রিয়ায় মো. নুরুল আফছার আয়োজকদের ধন্যবাদ জানিয়ে বলেন, "বিশ্বমঞ্চে এই ধরনের স্বীকৃতি পাওয়া অত্যন্ত আনন্দ ও সম্মানের। এই অর্জন আমাদের ভবিষ্যৎ কাজের প্রতি আরও দায়িত্বশীল হতে অনুপ্রাণিত করবে। আগামী দিনে বাংলাদেশের ইলেকট্রনিক্স ও হোম অ্যাপ্লায়েন্স খাতকে আরও আধুনিক ও সমৃদ্ধ করতে আমরা সবাই মিলে একসঙ্গে কাজ করে যাব।"

 

দেশীয় বাজারের পরিধি পেরিয়ে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশি কোনো করপোরেট প্রধানের এমন স্বীকৃতি দেশের সামগ্রিক অর্থনীতি ও বেসরকারি শিল্প খাতের জন্য এক বড় ইতিবাচক বার্তা হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।