নিজস্ব প্রতিবেদক
বর্তমান সময়ে সাংবাদিকতার ধরন বদলেছে, কলম আর কাগজের সীমানা ছাড়িয়ে গণমাধ্যম এখন অনেকটাই মাল্টিমিডিয়া-নির্ভর। এই আধুনিক যুগের সাথে তাল মিলিয়ে তরুণদের দক্ষ করে তুলতে বগুড়ায় অনুষ্ঠিত হয়ে গেল দিনব্যাপী এক বিশেষ প্রশিক্ষণ কর্মশালা।
শহরের কলোনীস্থ শাহওয়ারী উল্লাহ মিলনায়তনে ‘স্কুল অব জার্নালিজম বগুড়া’ এই মাল্টিমিডিয়া কনটেন্ট ক্রিয়েটর প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করে। প্রতিষ্ঠানের পরিচালক এফ শাহজাহানের সভাপতিত্বে এক বর্ণাঢ্য আবহে অনুষ্ঠানটি সম্পন্ন হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য ও শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি গোলাম রব্বানী পেশাদারিত্বের ওপর বিশেষ জোর দেন। তিনি বলেন, প্রশিক্ষণের মূল লক্ষ্যই হলো কর্মদক্ষতা বৃদ্ধি করা। সেই দক্ষতাকে কাজে লাগিয়ে গণমাধ্যমকর্মীদের সবসময় সত্য, সুন্দর, ন্যায় ও ইনসাফের পক্ষে দাঁড়াতে হবে।
বর্তমান ডিজিটাল যুগের বাস্তবতার কথা স্মরণ করিয়ে দিয়ে তিনি বলেন, আজকের সাংবাদিকতা মানেই মাল্টিমিডিয়া। তবে এই শক্তির অপব্যবহার যেন না হয়। কোনো অহেতুক বা উদ্দেশ্যপ্রণোদিত সংবাদ দিয়ে কাউকে যেন ঘায়েল করা না হয়, সে বিষয়ে অত্যন্ত সতর্ক থাকার আহ্বান জানান তিনি। বস্তুনিষ্ঠ সাংবাদিকতাই কেবল দেশ ও জাতির প্রকৃত কল্যাণ বয়ে আনতে পারে।
এর আগে, উৎসবমুখর পরিবেশে এই বিশেষ কর্মশালার আনুষ্ঠানিক উদ্বোধন করেন বগুড়া প্রেসক্লাবের সভাপতি রেজাউল হাসান রানু।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে তরুণদের দিকনির্দেশনা দেন বগুড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কালাম আজাদ, সাবেক ছাত্রনেতা অধ্যাপক আব্দুল মতিন এবং মাওলানা শহীদুল ইসলামসহ আরও অনেকে। বক্তারা প্রত্যেকেই আধুনিক সাংবাদিকতার চ্যালেঞ্জ ও এর অপার সম্ভাবনার নানা দিক তুলে ধরেন।