নিজস্ব প্রতিবেদক
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা মামলার রায় দ্রুত কার্যকরের লক্ষ্যে উচ্চ আদালতে মামলাটির শুনানির তারিখ এগিয়ে আনতে অ্যাটর্নি জেনারেলের মাধ্যমে সুপ্রিম কোর্টের নজরে বিষয়টি আনার কথা জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
তিনি বলেন, মামলাটির গুরুত্ব বিবেচনায় শুনানির সিরিয়াল এগিয়ে আনার জন্য সুপারিশ করা হবে।
রোববার (৭ জুন) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে নিজ কার্যালয়ের সামনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন।
ঘটনার ১৯ দিনের মাথায় আজ এই মামলার রায় ঘোষণা করেছেন ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনাল। রায়ে আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তারকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।
সালাহউদ্দিন আহমদ বলেন, রামিসা হত্যা মামলার তদন্ত, অভিযোগপত্র (চার্জশিট) দাখিল এবং বিচারিক আদালতের রায়—সবকিছুই দ্রুততম সময়ের মধ্যে সম্পন্ন হয়েছে। বাংলাদেশের বিচারিক ইতিহাসে এটি একটি মাইলফলক হিসেবে বিবেচিত হবে।
তিনি বলেন, মামলাটির গুরুত্ব বিবেচনা করে শুনানির সিরিয়াল এগিয়ে আনার জন্য অ্যাটর্নি জেনারেলের মাধ্যমে সুপ্রিম কোর্টের নজরে বিষয়টি আনা হবে।
এ সময় পুলিশ বাহিনীর ভূমিকার প্রশংসা করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, মামলাটির তদন্ত ও বিচার প্রক্রিয়ায় সংশ্লিষ্টদের ভূমিকা প্রশংসনীয়। বাহিনীর সদস্যদের মনোবল বাড়াতে ভালো কাজের স্বীকৃতি হিসেবে পুরস্কৃত করার বিষয়ও বিবেচনা করা হচ্ছে।
সীমান্ত পরিস্থিতি নিয়ে এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ভারতের নয়াদিল্লিতে সোমবার থেকে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) মহাপরিচালক (ডিজি) পর্যায়ের বৈঠক শুরু হবে। বৈঠকে সীমান্ত হত্যা, অবৈধ অনুপ্রবেশসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হবে। কূটনৈতিক উপায়ে এসব সমস্যার সমাধান খোঁজা হবে।