নিজস্ব প্রতিবেদক
রাজধানীর আদ্-দ্বীন হাসপাতালে ৬ শিশুর মৃত্যুর ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষের ‘অবহেলার’ প্রমাণ পেয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়ের তদন্ত কমিটি। মূলত শিশুদের ওয়ার্ডে অক্সিজেন সরবরাহ বন্ধ হয়ে যাওয়ার কারণেই এমন ঘটনা ঘটেছে।
বৃহস্পতিবার (৪ জুন) সচিবালয়ে তদন্ত কমিটির প্রতিবেদন পাওয়ার পর আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা জানান স্বাস্থ্যমন্ত্রী মো. সাখাওয়াত হোসেন।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, হাসপাতালটি কার্যক্রম পরিচালনার উপযুক্ত নয়। পর্যাপ্ত ভেন্টিলেশন সুবিধা না থাকা, ধারণক্ষমতার তুলনায় বেশি রোগী ভর্তি করা এবং দায়িত্বে চরম অবহেলার বিষয়গুলো তদন্ত প্রতিবেদনে উঠে এসেছে।
তিনি আরো জানান, এ ধরনের ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে কী ধরনের শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া যায়, সে বিষয়ে রবিবার (৭ জুন) সিদ্ধান্ত নেয়া হবে।
এ ধরনের ঘটনা রোধে সরকার আরো কঠোর হতে যাচ্ছে বলেও জানান স্বাস্থ্যমন্ত্রী।এর আগে গত ২৭ সকালে আদ্-দ্বীন হাসপাতালের পোস্ট ডেলিভারি অপারেটিভ ওয়ার্ডে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনা ঘটে। এ ঘটনার কারণ ও অব্যবস্থাপনার তদন্তে উচ্চপর্যায়ের ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন করে দেয় স্বাস্থ্য অধিদপ্তর। এ ঘটনায় ৭২ ঘণ্টার মধ্যে তদন্ত প্রতিবেদন দেওয়ার কথা থাকলেও পরে সময় বাড়িয়ে ৩ জুন নির্ধারণ করা হয়।
প্রাথমিকভাবে এসির গ্যাস লিকেজ থেকে মৃত্যু বলে ধারণা করা হলেও প্রকৃত কারণ তদন্তে ৩ সদস্যের কমিটি গঠন করে স্বাস্থ্য মন্ত্রণালয়। পরে তদন্ত কমিটিতে নিউরো চিকিৎসক, প্রকৌশলীসহ আরো কয়েকজনকে অন্তর্ভুক্ত করা হয়।
ওই ঘটনায় গাফিলতি বা অবহেলার কোনো প্রমাণ পেলে দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।