সারাদেশ

প্রধানমন্ত্রীর কার্যালয়ের জিআইইউর স্ট্র্যাটেজি কমিটিতে সাইমুম পারভেজ

নিজস্ব প্রতিবেদক
আপডেট: ১১:৪৯, ২৪ মে ২০২৬
photo

প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীন গভর্ন্যান্স ইনোভেশন ইউনিটের (জিআইইউ) স্ট্র্যাটেজি কমিটিতে মনোনীত হয়েছেন সাইমুম পারভেজ। প্রধানমন্ত্রী তারেক রহমান তাকে পলিসি, প্রযুক্তি ও উদ্ভাবন বিশেষজ্ঞ হিসেবে এই দায়িত্ব দিয়েছেন।

 

শনিবার জিআইইউর উপপরিচালক মো. নাভিদ রেজওয়ানুল কবীর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এর আগে গত ২২ এপ্রিল সচিব পদমর্যাদায় প্রধানমন্ত্রীর পরিবেশ, বন ও জলবায়ুবিষয়ক বিশেষ সহকারী হিসেবে নিয়োগ পান সাইমুম পারভেজ। এবার তাকে অতিরিক্ত আরও একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হলো।

 

বিজ্ঞপ্তিতে বলা হয়, উদ্ভাবনী কর্মপদ্ধতির মাধ্যমে জনসেবার মানোন্নয়ন ও প্রশাসনে সুশাসন নিশ্চিত করতে ২০১২ সালে প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীনে গভর্ন্যান্স ইনোভেশন ইউনিট (জিআইইউ) প্রতিষ্ঠা করা হয়। ইউনিটটিকে দিকনির্দেশনা দিতে প্রধানমন্ত্রীর নেতৃত্বে একটি স্টিয়ারিং কমিটি এবং নীতিগত পরামর্শ ও কৌশলগত সহায়তার জন্য প্রধানমন্ত্রীর উপদেষ্টার (জনপ্রশাসন মন্ত্রণালয়) সভাপতিত্বে একটি স্ট্র্যাটেজি কমিটি গঠন করা হয়েছে। সেই স্ট্র্যাটেজি কমিটিতেই পলিসি, প্রযুক্তি ও উদ্ভাবন বিশেষজ্ঞ হিসেবে সাইমুম পারভেজকে মনোনয়ন দেওয়া হয়েছে।