নিজস্ব প্রতিবেদক
নারায়ণগঞ্জের রূপগঞ্জে পেশাগত দায়িত্ব পালনকালে ইসলামিক টিভির সাংবাদিক আল আমিন মিয়ার ওপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। এ ন্যক্কারজনক ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন সাংবাদিক সমাজ ও সচেতন নাগরিকরা।
মঙ্গলবার (১৯ মে) দিনগত রাতে এ হামলার ঘটনা ঘটে। আল আমিন নারায়ণগঞ্জ সাংবাদিক ইউনিয়নের সদস্য ও ইসলামিক টিভির রূপগঞ্জ প্রতিনিধি।
আহত সাংবাদিক আল আমিন জানান, রাতে তিনি মাদকবিরোধী সংবাদ সংগ্রহে গেলে দুর্বৃত্তরা তার ওপর অতর্কিত হামলা চালায়। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।
এদিকে, এ ঘটনার প্রতিবাদ জানিয়ে বুধবার (২০ মে) সাংবাদিক নেতারা বলেন, সত্য প্রকাশে বাধা দিতে এবং মাদক ব্যবসার বিরুদ্ধে সংবাদ প্রচার ঠেকাতেই এ হামলা চালানো হয়েছে। হামলাকারীদের দ্রুত শনাক্ত করে গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।
তারা আরও বলেন, একজন সাংবাদিকের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্র ও প্রশাসনের দায়িত্ব। সাংবাদিকদের ওপর ধারাবাহিক হামলার ঘটনায় উদ্বেগ প্রকাশ করে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে কার্যকর ব্যবস্থা নেয়ার জোর দাবি জানান তারা।