নিজস্ব প্রতিবেদক
রাজধানীর মতিঝিলে ২০১৩ সালের ৫ মে শাপলা চত্বরে হেফাজতে ইসলামের মহাসমাবেশ ঘিরে সংঘটিত হত্যাযজ্ঞের সময় ইসলামিক টেলিভিশনের কাছে থাকা সব ভিডিও আলামত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দাখিল করা হবে বলে জানিয়েছেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক শামস এসকান্দার।
সোমবার বিকেলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল প্রাঙ্গণে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান। এর আগে দুপুরে ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের সঙ্গে বৈঠক করেন ইসলামিক টিভির একটি প্রতিনিধি দল।
শামস এসকান্দার বলেন, শাপলা চত্বরে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলার তদন্ত চলছে। তদন্তের অংশ হিসেবেই সেদিনের ঘটনা সম্পর্কে জানতে ইসলামিক টিভি কর্তৃপক্ষকে ডেকেছেন চিফ প্রসিকিউটর। তিনি বলেন, ঘটনার দিন ইসলামিক টিভির ক্যামেরাম্যান ও নিউজ টিম ঘটনাস্থলে উপস্থিত ছিলেন এবং পুরো পরিস্থিতি ধারণ করেছিলেন।
তিনি আরও অভিযোগ করেন, ওই রাতেই তৎকালীন সরকারের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ইসলামিক টিভির কার্যালয়ে হামলা চালায়। র্যাবসহ বিভিন্ন বাহিনীর সদস্যরা অফিস ভাঙচুর করে সম্প্রচার সরঞ্জাম, কম্পিউটার ও এডিটিং প্যানেল তছনছ করে দেয়। পরে চ্যানেলটির সম্প্রচারও বন্ধ করে দেওয়া হয়।
শামস এসকান্দার জানান, এসব ঘটনার বিস্তারিত তথ্য এবং তাদের কাছে সংরক্ষিত ভিডিও আলামতের বিষয়ে চিফ প্রসিকিউটরকে অবহিত করা হয়েছে। প্রসিকিউশনের পক্ষ থেকে আলামতগুলো সংরক্ষণ করে রাখতে বলা হয়েছে এবং পরে তদন্ত সংস্থা সেগুলো সংগ্রহ করবে বলেও জানানো হয়েছে।
তিনি বলেন, তদন্ত কাজে সহযোগিতার অংশ হিসেবে ইসলামিক টিভির কাছে থাকা সব ভিডিও আলামত তদন্ত সংস্থার কাছে হস্তান্তর করা হবে।
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, এ মামলায় তাদের সাক্ষী করা হবে কিনা সে বিষয়ে পরে প্রসিকিউশন যোগাযোগ করবে। তবে তার দাবি, রাজনৈতিক প্রতিহিংসার কারণেই তৎকালীন আওয়ামী লীগ সরকার ইসলামিক টিভির সম্প্রচার বন্ধ করেছিল।
এ সময় ইসলামিক টিভির প্রধান নির্বাহী কর্মকর্তা শাহজানুল ইসলাম, প্রধান বার্তা সম্পাদক রফিক উজ্জামানসহ প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।