নিজস্ব প্রতিবেদক
আসন্ন ঈদুল আযহা বা কোরবানির ঈদকে কেন্দ্র করে সক্রিয় হয়ে ওঠা একটি জাল নোট প্রস্তুতকারী চক্রের তিন সদস্যকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। রাজধানীর উত্তরা ও গাজীপুরে পৃথক অভিযানে তাদের আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে ৩৪ লাখ টাকার সমপরিমাণ জাল নোট ও নোট তৈরির বিপুল সরঞ্জাম জব্দ করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান গোয়েন্দা বিভাগের অতিরিক্ত পুলিশ কমিশনার শফিকুল ইসলাম। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে প্রথমে উত্তরার একটি এলাকায় অভিযান চালিয়ে মজিবুর রহমান নামে চক্রের এক সদস্যকে আটক করা হয়।
পরবর্তীতে মজিবুরের দেওয়া তথ্যের ভিত্তিতে বুধবার সকালে গাজীপুরের টঙ্গী এলাকায় দ্বিতীয় দফা অভিযান চালায় পুলিশ। সেখান থেকে দুলাল ও মামুন নামে আরও দুই সহযোগীকে গ্রেফতার করা হয়। অভিযানে উদ্ধার করা হয় বিপুল পরিমাণ জাল টাকা ও ছাপানোর মেশিনসহ অন্যান্য সরঞ্জাম।
ডিবি প্রধান জানান, এই চক্রটি দীর্ঘ দিন ধরে জাল টাকা তৈরি ও বিক্রি করে আসছিল। এবারের কোরবানির ঈদকে সামনে রেখে তারা ৩৪ লাখ টাকারও বেশি জাল নোট ছাপিয়েছিল। এই জাল টাকাগুলো ঢাকার বিভিন্ন পশুর হাটে ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা ছিল তাদের। ডিবি কর্মকর্তাদের আশঙ্কা, এরই মধ্যে চক্রটি মার্কেটে বিপুল পরিমাণ জাল টাকা ছড়িয়ে দিতে সক্ষম হয়েছে।
পশুর হাটে লেনদেনের বিষয়ে সতর্কবার্তা দিয়ে শফিকুল ইসলাম বলেন, "কোরবানির প্রতিটি হাটে বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে জাল নোট শনাক্তকারী মেশিন বসানো হবে। তবে সাধারণ মানুষ ও ব্যবসায়ীদের লেনদেনের সময় আরও বেশি সচেতন থাকতে হবে।"
একই সংবাদ সম্মেলনে জানানো হয়, ডিবির সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম বিভাগ পৃথক এক অভিযানে অনলাইন জুয়া ও সাইবার প্রতারণায় জড়িত ৬ জন চীনা নাগরিককে গ্রেফতার করেছে।
গ্রেফতারকৃতরা বিভিন্ন ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার করে অবৈধ আর্থিক লেনদেন ও সংঘবদ্ধ সাইবার অপরাধ চালিয়ে আসছিল। তাদের কাছ থেকে নগদ ৬ লাখ টাকা, একটি মাইক্রোবাস এবং অপরাধে ব্যবহৃত বেশ কিছু ডিজিটাল ডিভাইস জব্দ করা হয়েছে।
বর্তমানে আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে ডিবি সূত্রে জানানো হয়েছে।