নিজস্ব প্রতিবেদক
ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান উত্তেজনার মধ্যেই চিরপ্রতিদ্বন্দ্বী ইরানে অত্যন্ত গোপনে সামরিক অভিযান চালিয়েছে সৌদি আরব। সম্প্রতি প্রভাবশালী বার্তাসংস্থা রয়টার্সের এক বিশেষ প্রতিবেদনে এই চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। ধারণা করা হচ্ছে, প্রথমবারের মতো ইরানের অভ্যন্তরে ঢুকে সরাসরি কোনো হামলা চালাল সৌদি কর্তৃপক্ষ।
রয়টার্সের তথ্য অনুযায়ী, গত মার্চ মাসে এই গোপন হামলার ঘটনাটি ঘটে। দুজন পশ্চিমা কর্মকর্তা জানিয়েছেন, ইরান আগে সৌদির ওপর কোনো একভাবে আক্রমণ চালিয়েছিল। সেই ঘটনার প্রতিশোধ নিতেই সৌদি আরব পাল্টা ব্যবস্থা হিসেবে ইরানের মাটিতে এই গোপন অভিযান পরিচালনা করে। তবে ইরানের কোন কোন স্থাপনায় এই হামলা চালানো হয়েছে, সে বিষয়ে সুনির্দিষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, মার্চের শেষের দিকে সৌদি আরব ইরানের বিরুদ্ধে কঠোর প্রতিশোধমূলক ব্যবস্থার হুঁশিয়ারি দিয়েছিল। সৌদির এই কঠোর অবস্থান এবং পরবর্তীতে সক্রিয় কূটনৈতিক প্রচেষ্টার ফলে দুই দেশের মধ্যকার যুদ্ধংদেহী পরিস্থিতি কিছুটা শিথিল হতে শুরু করে।
পরবর্তীতে গত ৭ এপ্রিল যুক্তরাষ্ট্রের তৎকালীন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সাথে যুদ্ধবিরতির ঘোষণা দেন। তবে সংশ্লিষ্ট কর্মকর্তারা নিশ্চিত করেছেন যে, ট্রাম্পের ঘোষণার প্রায় এক সপ্তাহ আগেই সৌদি ও ইরানের মধ্যকার চরম উত্তেজনার পারদ নামতে শুরু করেছিল।
এই সংবেদনশীল বিষয়ে বিস্তারিত জানতে রয়টার্সের পক্ষ থেকে ইরান এবং সৌদি আরবের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করা হয়েছিল। তবে দেশ দুটির কোনো পক্ষই এখন পর্যন্ত এই গোপন হামলা বা রয়টার্সের প্রতিবেদন নিয়ে আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেনি।