নিজস্ব প্রতিবেদক
শিক্ষার্থীদের শিক্ষাজীবনে গতি ফেরাতে এবং সঠিক সময়ে এসএসসি ও এইচএসসি পরীক্ষা সম্পন্ন করতে নতুন পরিকল্পনার কথা জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। নির্ধারিত সময়ে সিলেবাস সম্পন্ন করে সেশনজটমুক্ত শিক্ষা ব্যবস্থা গড়ে তোলাই সরকারের মূল লক্ষ্য বলে তিনি উল্লেখ করেন।
বুধবার (১৩ মে) রাজধানীর ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজে 'ওয়ান গ্রিড সোলার প্রজেক্ট'-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব তথ্য জানান।
শিক্ষামন্ত্রী জানান, শিক্ষার্থীদের মূল্যবান সময় বাঁচাতে সিলেবাস সংক্রান্ত বিষয়ে দ্রুত সিদ্ধান্ত নেওয়া হবে। তিনি বলেন, “আজকেই আমরা পরীক্ষার বিষয়গুলো নিয়ে আলোচনায় বসব। আমাদের লক্ষ্য হলো, কীভাবে সেশনজট এড়িয়ে এবং সময় নষ্ট না করে এসএসসি ও এইচএসসি পরীক্ষার সিলেবাস কাভার করে এগিয়ে যাওয়া যায়, সেই সঠিক পথটি নির্ধারণ করা।”
শিক্ষার্থীরা যাতে কোনোভাবেই পিছিয়ে না পড়ে, সে বিষয়ে গুরুত্ব দিয়ে মন্ত্রী বলেন, একজন শিক্ষার্থীর জীবনে এসএসসি পাসের জন্য ১০ বছর এবং এইচএসসির জন্য ১২ বছরের যে নির্ধারিত সময় (স্কুলিং), তা যেন যথাযথভাবে বজায় থাকে। সেশনজটের কারণে শিক্ষার্থীদের জীবন থেকে যেন বাড়তি সময় নষ্ট না হয়, সেদিকে বিশেষ নজর দেওয়া হচ্ছে।
তিনি আরও যোগ করেন, “শিক্ষার্থীদের স্বার্থে যা যা করা প্রয়োজন, আমরা সব পদক্ষেপ গ্রহণ করব। তবে শিক্ষার্থীদের পড়াশোনায় মনোযোগী হয়ে সুন্দরভাবে পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে।”
বর্তমান পরীক্ষা পদ্ধতির উন্নতির কথা উল্লেখ করে আ ন ম এহছানুল হক মিলন বলেন, বর্তমানে পরীক্ষাগুলো অনেক সুশৃঙ্খল পরিবেশে অনুষ্ঠিত হচ্ছে। সাধারণ মানুষ এবং শিক্ষার্থী—সবাই একটি সুন্দর ও স্বচ্ছ পরীক্ষা পদ্ধতি প্রত্যাশা করে।
শিক্ষা ব্যবস্থাকে আরও আধুনিক ও এগিয়ে নিতে পাঠ্যসূচিতে ব্যাপক পরিবর্তনের প্রয়োজনীয়তা রয়েছে বলেও জানান তিনি। পরীক্ষা পদ্ধতিকে আরও বেশি শৃঙ্খলিত এবং সময়োপযোগী করার প্রচেষ্টা অব্যাহত রয়েছে বলে মন্ত্রী তার বক্তব্যে উল্লেখ করেন।