সারাদেশ

একনেকে ৩৫ হাজার কোটি টাকার পদ্মা ব্যারেজ প্রকল্প অনুমোদন

নিজস্ব প্রতিবেদক
আপডেট: ০১:০১, ১৬ মে ২০২৬
photo

দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের কোটি মানুষের দীর্ঘ প্রতীক্ষার অবসান হতে চলেছে। বর্তমান সরকারের অন্যতম বৃহৎ নির্বাচনী প্রতিশ্রুতি ‘পদ্মা ব্যারেজ’ প্রকল্প অবশেষে নীতিগত অনুমোদন পেয়েছে। প্রায় ৩৫ হাজার কোটি টাকা ব্যয়ের এই মেগা প্রকল্পটি দেশের কৃষি, পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় এক নতুন দিগন্ত উন্মোচন করবে বলে আশা করা হচ্ছে।

 

বুধবার (১৩ মে) সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। এটি চলতি অর্থবছরের ১১তম এবং বর্তমান সরকারের তৃতীয় একনেক সভা। এই বৈঠকেই বহুল আলোচিত ‘পদ্মা ব্যারেজ’ নির্মাণের চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়।

 

বৈঠক শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রকল্পের বিস্তারিত তুলে ধরেন শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী। তিনি জানান, সম্পূর্ণ সরকারি অর্থায়নে প্রাথমিক পর্যায়ে পাঁচ বছর মেয়াদি এই প্রকল্প বাস্তবায়ন করা হবে। ব্যারেজটি নির্মিত হলে দেশের ২৪টি জেলার প্রায় সাত কোটি মানুষ প্রত্যক্ষভাবে এর সুবিধা ভোগ করবেন।

 

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ফরিদপুর, খুলনা, বরিশাল ও রাজশাহী অঞ্চলের নদ-নদী এবং প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় ১৯৬০-এর দশক থেকেই পদ্মা ব্যারেজের দাবি ছিল। ১৯৭৫ সালে ফারাক্কা বাঁধ চালুর পর পদ্মা নদীর পানিপ্রবাহ মারাত্মকভাবে কমে যায়, যা এই ব্যারেজ নির্মাণের প্রয়োজনীয়তাকে আরও বাড়িয়ে দেয়। সবশেষ ত্রয়োদশ জাতীয় নির্বাচনের ইশতেহারে এই প্রকল্প বাস্তবায়নের অঙ্গীকার করেছিল বিএনপি।

 

ভারতের সাথে আলোচনার বিষয়ে এক প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, পদ্মা ব্যারেজ নির্মাণ বাংলাদেশের একটি অভ্যন্তরীণ বিষয়। তবে গঙ্গা নদীর পানি বণ্টন চুক্তি নবায়নের ক্ষেত্রে দুই দেশের সংশ্লিষ্ট কমিশনগুলো তাদের নিয়মিত কাজ চালিয়ে যাচ্ছে।

 

সরকার পরিকল্পনা করছে, আগামী বাজেট ঘোষণার পরপরই এই বিশাল কর্মযজ্ঞের মাঠ পর্যায়ের কাজ শুরু করার। এই প্রকল্পের সফল বাস্তবায়ন দেশের কৃষি অর্থনীতিতে এক বৈপ্লবিক পরিবর্তন আনবে বলে মনে করছেন সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা।