নিজস্ব প্রতিবেদক
দেশের মাটিতে প্রথমবারের মতো পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট জয় লাভ করেছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। টাইগারদের এই অবিস্মরণীয় সাফল্যে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
মঙ্গলবার (১২ মে, ২০২৬) ঢাকার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে পাকিস্তানকে ১০৪ রানের বড় ব্যবধানে পরাজিত করে স্বাগতিক বাংলাদেশ।
মিরপুর টেস্টে জয়ের জন্য পাকিস্তানকে ২৬৮ রানের লক্ষ্যমাত্রা দিয়েছিল বাংলাদেশ। রান তাড়া করতে নেমে টাইগার বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে মাত্র ১৬৩ রানেই গুটিয়ে যায় সফরকারী পাকিস্তান। ফলে ১০৪ রানের এক দাপুটে জয় নিশ্চিত করে মাঠ ছাড়ে বাংলাদেশ দল।
পাকিস্তানের বিপক্ষে এটি বাংলাদেশের টানা তৃতীয় টেস্ট জয়। এর আগে পাকিস্তানের মাটিতে গিয়ে তাদের বিপক্ষে টানা দুটি টেস্ট জেতার গৌরব অর্জন করেছিল টাইগাররা। তবে দেশের মাটিতে সাদা পোশাকের ক্রিকেটে এটাই পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের প্রথম জয়।
পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক এই সিরিজ শুরুর দুর্দান্ত সূচনায় উচ্ছ্বাস প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি এক অভিনন্দন বার্তায় খেলোয়াড়, কোচ এবং ম্যানেজমেন্টসহ সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান। আগামী ম্যাচগুলোতেও বাংলাদেশ দলের এই জয়ের ধারা বজায় থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।