নিজস্ব প্রতিবেদক
আসন্ন ঈদুল আজহা উপলক্ষে দেশের মার্কেট, বিপণিবিতান এবং ব্যবসা প্রতিষ্ঠানসমূহ খোলা রাখার সময়সীমা বৃদ্ধি করা হয়েছে। এখন থেকে ঈদের আগ পর্যন্ত রাত ১০টা পর্যন্ত দোকানপাট খোলা রাখা যাবে।
মঙ্গলবার (১২ মে) বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই সিদ্ধান্তের কথা জানিয়েছে বাংলাদেশ দোকান মালিক সমিতি।
বাংলাদেশ দোকান মালিক সমিতি জানায়, আজ ১২ মে থেকেই এই নতুন সময়সূচী কার্যকর হবে এবং এটি ঈদুল আজহা পর্যন্ত বলবৎ থাকবে। মূলত আসন্ন কোরবানি ঈদকে কেন্দ্র করে ক্রেতা ও বিক্রেতাদের সুবিধার কথা বিবেচনা করেই সময় বাড়ানোর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, দোকান মালিক সমিতির আবেদনের পরিপ্রেক্ষিতে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী এই সময়সীমা বর্ধিত করার বিষয়টি অনুমোদন করেছেন। তবে বর্ধিত এই সময়ে বিদ্যুৎ ব্যবহারের ক্ষেত্রে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে। রাত ১০টা পর্যন্ত দোকান খোলা থাকলেও কোনো ধরনের আলোকসজ্জা করা যাবে না এবং অতিরিক্ত বিদ্যুৎ ব্যবহার থেকে বিরত থাকতে হবে।
উল্লেখ্য, ঈদুল আজহার আগে কেনাকাটার চাপ সামলাতে প্রতি বছরই দোকান মালিকদের পক্ষ থেকে সময় বাড়ানোর আবেদন জানানো হয়, যার প্রেক্ষিতে এবারও সরকার এই ইতিবাচক সিদ্ধান্ত গ্রহণ করেছে।