সারাদেশ

অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বেনাপোল সীমান্তে কঠোর নিরাপত্তা জোরদার

নিজস্ব প্রতিবেদক
আপডেট: ০১:৫৬, ০৯ মে ২০২৬
photo

ভারত থেকে অবৈধ অনুপ্রবেশ বন্ধে বেনাপোল সীমান্তের বিশাল এলাকা জুড়ে কঠোর নজরদারি ও নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বৃহস্পতিবার সকাল থেকে সীমান্তের সংবেদনশীল পয়েন্টগুলোতে অতিরিক্ত সদস্য মোতায়েনের পাশাপাশি টহল কার্যক্রম বৃদ্ধি করা হয়েছে।

 

বিজিবি সূত্রে জানা গেছে, যশোর ৪৯ বিজিবি এবং খুলনা ২১ বিজিবির আওতাধীন প্রায় ১০২ কিলোমিটার সীমান্ত এলাকায় এই বিশেষ সতর্কতা জারি করা হয়েছে। মূলত ভারত থেকে বাংলাদেশে যেকোনো ধরনের অবৈধ প্রবেশ ঠেকাতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

 

নিরাপত্তা নিশ্চিত করতে সীমান্ত এলাকায় নিয়মিত টহলের পাশাপাশি রাতে বিশেষ নজরদারির ব্যবস্থা করা হয়েছে। সূর্যাস্তের পর সীমান্ত এলাকায় বিনা কারণে কাউকে ঘোরাফেরা না করতে বিজিবির পক্ষ থেকে কঠোরভাবে সতর্ক করা হয়েছে।

 

বেনাপোল সংলগ্ন রঘুনাথপুর, শিকারপুর, সাদীপুর, ঘিবা, পুটখালী, গোগা, দৌলতপুর ও রুদ্রপুর সীমান্ত দিয়ে অনুপ্রবেশের ঝুঁকি বেশি থাকায় এসব এলাকায় অতিরিক্ত বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে। গোয়েন্দা নজরদারির পাশাপাশি সার্বক্ষণিক টহল দল এসব এলাকা পর্যবেক্ষণ করছে।

 

যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান জানান, সীমান্তে যেকোনো ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড এবং অবৈধ অনুপ্রবেশ রুখতে বিজিবি জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে। তিনি বলেন, "ভারত থেকে কোনো ব্যক্তি যেন অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করতে না পারে, সেজন্য আমরা সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছি। টহল ও নজরদারি কয়েক গুণ বাড়ানো হয়েছে।"

 

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, ভারতের পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের পরবর্তী পরিস্থিতি বিবেচনায় নিয়ে সীমান্ত সুরক্ষায় এই বাড়তি সতর্কতা অবলম্বন করা হচ্ছে। কোনো ধরনের অস্থিতিশীলতা বা সীমান্ত লঙ্ঘনের ঘটনা যাতে না ঘটে, সেটি নিশ্চিত করাই বিজিবির বর্তমান কার্যক্রমের মূল লক্ষ্য।