সারাদেশ

উচ্চশিক্ষায় বৈশ্বিক অংশীদারিত্ব

ঢাকার CUSTক্যাম্পাসে উলভারহ্যাম্পটন ইউনিভার্সিটির প্রতিনিধি দল
নিজস্ব প্রতিবেদক
আপডেট: ০৮:৪৮, ৩০ এপ্রিল ২০২৬
photo

বাংলাদেশের উচ্চশিক্ষাকে আন্তর্জাতিক মানে উন্নীত করতে এবং আন্তঃদেশীয় শিক্ষা (TNE)প্রসারে এক গুরুত্বপূর্ণ মাইলফলক স্পর্শ করল সেন্ট্রাল ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি (CUST)। বুধবার যুক্তরাজ্যের বিখ্যাত ইউনিভার্সিটি অব উলভারহ্যাম্পটন-এর একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল ঢাকার CUSTক্যাম্পাস পরিদর্শন করেন।

 

পরিদর্শনকালে ইউনিভার্সিটি অব উলভারহ্যাম্পটন-এর ডিরেক্টর অব ইন্টারন্যাশনাল অ্যান্ড ইউকে পার্টনারশিপস ড. রবিন ক্যারি এবং ডিরেক্টর অব এডুকেশনাল পার্টনারশিপস ড. ডেভিড অ্যাটকিনসন বিশ্ববিদ্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে এক বিশেষ মতবিনিময় সভায় অংশ নেন। প্রতিনিধি দলটি CUST-এর চেয়ারম্যান জনাব জাহিদুল ইসলাম এবং উপাচার্যের সাথে শিক্ষার গুণগত মান ও বৈশ্বিক অংশীদারিত্বের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন।

 

CUST-এর চেয়ারম্যান জনাব জাহিদুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের লক্ষ্য তুলে ধরে বলেন, "আমরা শিক্ষার্থীদের জন্য সহজলভ্য এবং শিল্প-সংশ্লিষ্ট শিক্ষা নিশ্চিত করতে চাই, যা তাত্ত্বিক জ্ঞানের পাশাপাশি ব্যবহারিক দক্ষতাকে প্রাধান্য দেয়। প্রতিটি বিভাগে আধুনিক প্রযুক্তির সংযোজন শিক্ষার্থীদের ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবিলায় যোগ্য করে তুলছে।" তিনি আরও জানান, উন্নত অবকাঠামো এবং আন্তর্জাতিক অংশীদারিত্বের মাধ্যমে শিক্ষার্থীদের বৈশ্বিক মানের শিক্ষা প্রদানের চেষ্টা অব্যাহত রয়েছে।

 

বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার (মনোনীত) ড. মো. শহীদুল ইসলাম (অব.) আজীবন শিক্ষার গুরুত্বের ওপর জোর দিয়ে বলেন, দীর্ঘমেয়াদী সাফল্যের জন্য নিয়মিত দক্ষতা উন্নয়ন এবং আধুনিক প্রযুক্তির সাথে খাপ খাইয়ে নেওয়া অপরিহার্য।

 

উলভারহ্যাম্পটন ইউনিভার্সিটির প্রতিনিধিরা এই অংশীদারিত্বের মাধ্যমে CUST-কে প্রয়োজনীয় প্রযুক্তিগত ও কৌশলগত সহায়তা প্রদানের আশ্বাস দেন। এই উদ্যোগের ফলে বাংলাদেশের শিক্ষার্থীরা বৈশ্বিক কর্মক্ষেত্রে আরও বেশি প্রতিযোগিতামূলক সক্ষমতা অর্জন করতে পারবে বলে আশা করা হচ্ছে।

 

একাডেমিক আলোচনার পাশাপাশি আজ CUST ক্যাম্পাসে বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীদের অংশগ্রহণে প্রথমবারের মতো অনুষ্ঠিত হয় বর্ণাঢ্য পুনর্মিলনী (Reunion)। এই আয়োজনে বাড়তি মাত্রা যোগ করে একটি মনোজ্ঞ বাউল ও লোকসংগীত সন্ধ্যা।

 

সাংস্কৃতিক এই পর্বে গান পরিবেশন করে দর্শকদের মুগ্ধ করেন দেশের খ্যাতনামা শিল্পীরা। পারফর্ম করা শিল্পীদের মধ্যে ছিলেন , বাউল শফি মন্ডল (সভাপতি, বাংলাদেশ বাউল ও লোকশিল্পী সংস্থা) ,সুলতানা ইয়াসমিন লায়লা ,সরদার হীরক রাজা (লালন গবেষক) সুমি (চিরকুট ব্যান্ড) ,বাউল ডলি মন্ডল, রাফি তালুকদার, প্রফেসর ড. জাহিদুল কবির লিটন, জোহরা জেমি, জয়িতা অর্পা এবং দিতি সরকার।

 

উৎসবমুখর এই আয়োজনের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক উন্নয়ন এবং সাংস্কৃতিক ঐতিহ্যের এক চমৎকার মেলবন্ধন প্রত্যক্ষ করেন উপস্থিত সকলে।