সারাদেশ

স্নাতক পর্যন্ত মেয়েদের পড়াশোনা ফ্রি ও কৃষিঋণ মওকুফ : প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
আপডেট: ১০:২৮, ২৭ এপ্রিল ২০২৬
photo

দেশের নারী শিক্ষার উন্নয়ন ও কৃষকদের কল্যাণে বড় ধরনের একগুচ্ছ নতুন পরিকল্পনার কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার (২৫ এপ্রিল) বিকেলে যশোর ঈদগাহ ময়দানে জেলা বিএনপি আয়োজিত এক বিশাল জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই জনকল্যাণমুখী ঘোষণাগুলো দেন।

 

নারী শিক্ষার প্রসারে প্রধানমন্ত্রী ঘোষণা করেন যে, এখন থেকে মেয়েদের শিক্ষাব্যবস্থা স্নাতক ও ডিগ্রি পর্যন্ত সম্পূর্ণ বিনা মূল্যে করা হবে। মেধাবী শিক্ষার্থীদের পড়াশোনায় উৎসাহিত করতে বিশেষ উপবৃত্তির ব্যবস্থাও রাখা হবে বলে তিনি নিশ্চিত করেন।

 

নারীর সামাজিক সুরক্ষা ও ক্ষমতায়ন নিয়ে প্রধানমন্ত্রী বলেন ,ফ্যামিলি কার্ড: ফ্যামিলি কার্ড কর্মসূচির পরিধি আরও বাড়ানো হচ্ছে। পর্যায়ক্রমে দেশের প্রায় এক কোটি নারীকে এই সুবিধার আওতায় আনা হবে। গৃহস্থালির জ্বালানি খরচ ও ব্যবহার সহজলভ্য করতে নারীদের জন্য বিশেষ এলপিজি কার্ড চালুর পরিকল্পনা করছে সরকার। কৃষি খাতের উন্নয়নে সরকারের অগ্রাধিকারের কথা উল্লেখ করে তারেক রহমান জানান, কৃষকদের সরাসরি সহায়তা দিতে ইতিমধ্যে 'কৃষক কার্ড' চালু করা হয়েছে। তিনি আরও বলেন, “কৃষিঋণ মওকুফের কার্যক্রম আমরা শুরু করেছি। পর্যায়ক্রমে দেশের ১২ লাখ কৃষককে সম্পূর্ণ ঋণমুক্ত করা হবে এবং উৎপাদন বৃদ্ধিতে সব ধরনের সরকারি সহায়তা প্রদান করা হবে।”

 

দেশের অর্থনীতিকে চাঙ্গা করতে বন্ধ হয়ে যাওয়া কল-কারখানাগুলো পুনরায় চালুর প্রতিশ্রুতি দিয়েছেন প্রধানমন্ত্রী। তিনি জানান, নতুন নতুন শিল্প স্থাপনের মাধ্যমে দেশে ব্যাপক কর্মসংস্থান সৃষ্টি করা হবে। পাশাপাশি বিদেশেও বাংলাদেশি কর্মীদের কর্মসংস্থানের সুযোগ আরও সম্প্রসারণে সরকার জোরালো উদ্যোগ নিচ্ছে।

 

ক্রীড়াঙ্গনের মান উন্নয়নেও বিশেষ পরিকল্পনার কথা জানান প্রধানমন্ত্রী। আগামী ২ মে থেকে পেশাদার খেলোয়াড় তৈরির লক্ষ্যে একটি বিশেষ কর্মসূচি শুরু হতে যাচ্ছে। এই প্রকল্পের প্রথম ধাপে ৫০০ জন দক্ষ খেলোয়াড়কে উন্নত প্রশিক্ষণ ও রাষ্ট্রীয় সম্মাননা প্রদান করা হবে।