নিজস্ব প্রতিবেদক
দেশে বিদ্যমান জ্বালানি সংকট নিরসনে সরকারি ও বিরোধী দলের সমন্বয়ে ১০ সদস্যের একটি উচ্চপর্যায়ের কমিটি গঠন করা হয়েছে। রোববার (২৬ এপ্রিল) জাতীয় সংসদে এই সংক্রান্ত একটি প্রস্তাব কণ্ঠভোটে পাস হয়। কমিটির কার্যকারিতার মেয়াদ গঠনের প্রজ্ঞাপন জারির তারিখ থেকে পরবর্তী ৩০ দিন পর্যন্ত নির্ধারণ করা হয়েছে।
বিকেলে স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে সংসদের অধিবেশন শুরু হয়। অধিবেশনে কমিটি গঠনের এই প্রস্তাবটি উত্থাপন করেন চিফ হুইপ নূরুল ইসলাম। এরপর উপস্থিত সংসদ সদস্যদের কণ্ঠভোটের মাধ্যমে প্রস্তাবটি সর্বসম্মতিক্রমে অনুমোদিত হয়।
চিফ হুইপ তার বক্তব্যে উল্লেখ করেন, বর্তমান জ্বালানি পরিস্থিতি মোকাবিলায় এই কমিটি প্রয়োজনীয় সুপারিশসহ সংসদে একটি বিস্তারিত প্রতিবেদন জমা দেবে। একইসঙ্গে তিনি মন্তব্য করেন যে, সরকারি ও বিরোধী দলের এমন যৌথ অংশগ্রহণ সংসদীয় ইতিহাসে একটি বিরল দৃষ্টান্ত।
মূলত ইরান-ইসরায়েল যুদ্ধ পরিস্থিতির কারণে দেশের অভ্যন্তরে তৈরি হওয়া জ্বালানি সংকট সমাধানের লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। গত ২৩ এপ্রিল জাতীয় সংসদে প্রধানমন্ত্রী তারেক রহমান এই ১০ সদস্যের কমিটি গঠনের প্রাথমিক প্রস্তাব দিয়েছিলেন।
গঠিত এই কমিটিতে সরকার ও বিরোধী দল থেকে পাঁচজন করে মোট ১০ জন সংসদ সদস্যকে অন্তর্ভুক্ত করা হয়েছে।
সরকারি দলের সদস্যরা হলেন ,ইকবাল হাসান মাহামুদ টুকু (জ্বালানিমন্ত্রী) ,অনিন্দ্য ইসলাম অমিত (জ্বালানি প্রতিমন্ত্রী) ,এ বি এম আশরাফ উদ্দিন (লক্ষ্মীপুর-৪) ,মইনুল ইসলাম শান্ত (মানিকগঞ্জ-২) ও মিয়া নুরুদ্দিন আহমেদ অপু (শরীয়তপুর-৩) ।
বিরোধী দলের সদস্যরা হলেন ,সাইফুল আলম মিলন (ঢাকা-১২) ,আবদুল বাতেন (ঢাকা-১৬) ,মো. নূরুল ইসলাম (চাঁপাইনবাবগঞ্জ-৩) ,আবুল হাসনাত (কুমিল্লা-৪, এনসিপি) ,মোহাম্মদ আবুল হাসান (সিলেট-৫, বাংলাদেশ খেলাফত মজলিশ) ।
এই কমিটি নির্ধারিত সময়ের মধ্যে বর্তমান সংকট উত্তরণে কার্যকর পদক্ষেপ ও দিকনির্দেশনা প্রদান করবে বলে আশা করা হচ্ছে।