সারাদেশ

হাম কন্ট্রোলে আসছে : স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
আপডেট: ০৪:৩৩, ২৩ এপ্রিল ২০২৬
photo

শিশুদের স্বাস্থ্য সুরক্ষা ও রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে পুষ্টিকর খাবারের গুরুত্ব অপরিসীম বলে মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। তিনি জানান, বর্তমানে পুষ্টির অভাবে শিশুদের মধ্যে হামের প্রকোপ লক্ষ্য করা গেলেও সবার সম্মিলিত প্রচেষ্টায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসছে।

 

আজ বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সকালে জাতীয় বার্ন ইনস্টিটিউটে ‘জাতীয় পুষ্টি সপ্তাহ ২০২৬’ উপলক্ষে আয়োজিত এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

 

একটি সুস্থ জাতি গঠনে পুষ্টি সপ্তাহের গুরুত্ব তুলে ধরে স্বাস্থ্যমন্ত্রী বলেন, বর্তমান সময়ের শিশুরা বাড়ির তৈরি পুষ্টিকর খাবারের পরিবর্তে বাইরের ফাস্টফুডের প্রতি বেশি আসক্ত হয়ে পড়ছে। এই প্রবণতা রোধে শিশুদের নিয়মিত কাউন্সেলিং করার ওপর জোর দেন তিনি।

সেমিনারে সরদার মো. সাখাওয়াত হোসেন শিশুর শারীরিক গঠনে মায়ের বুকের দুধের অনবদ্য ভূমিকার কথা স্মরণ করিয়ে দেন। তিনি বলেন, “শিশুর শরীর গঠনে মায়ের দুধের কোনো বিকল্প নেই। শৈশবে মায়ের দুধের মাধ্যমে শরীরে যে রোগ প্রতিরোধ ক্ষমতার ভিত্তি তৈরি হয়, তা দীর্ঘ বয়স পর্যন্ত কার্যকর থাকে। এই পুষ্টির প্রভাব শরীর থেকে কখনো শেষ হয় না।”

 

উল্লেখ্য, দেশের মানুষের মধ্যে পুষ্টি সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে প্রতি বছরের ন্যায় এবারও পালিত হচ্ছে ‘জাতীয় পুষ্টি সপ্তাহ’। এর মাধ্যমেই একটি সুস্থ ও সবল প্রজন্ম গড়ে তোলার প্রত্যাশা ব্যক্ত করা হয় সেমিনারে।