নিজস্ব প্রতিবেদক
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বিগত স্বৈরাচার আমলে কোটি কোটি টাকা পাচার হয়েছে। পাচার হওয়া টাকা ফিরিয়ে এনে কৃষক ও ফ্যামিলি কার্ডের মাধ্যমে জনগণের কাছে পৌঁছে দেওয়া হবে।
সোমবার (২০ এপ্রিল) দুপুরে বগুড়ার গাবতলী উপজেলার বাগবাড়ীর শহীদ জিয়া ডিগ্রি কলেজ মাঠে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কার্যক্রমের দ্বিতীয় পর্যায়ের উদ্বোধন অনুষ্ঠানে তিনি একথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, বিগত স্বৈরাচার ও অন্তর্বর্তীকালীন সরকার বাচ্চাদের জন্য টিকা আনেনি, কিছু মানুষের গাফিলতির কারণে অনেক শিশু প্রাণ হারিয়েছে।
জ্বালানি সংকটের প্রসঙ্গে তারেক রহমান বলেন, মধ্যপ্রাচ্যের যুদ্ধের কারণে তেল আনা যাচ্ছে না। সেজন্য অনেক বাড়তি দাম দিয়ে এখন তেল কিনতে হচ্ছে।
তারেক রহমান বলেন, দেশকে সামনের দিকে এগিয়ে নিতে নারী ও পুরুষদের সমানভাবে সহযোগিতা করবে সরকার।
এর আগে গত ১০ মার্চ ফ্যামিলি কার্ড কার্যক্রমের পরীক্ষামূলক (পাইলটিং) পর্যায়ের সূচনা করে বিএনপি সরকার।