সারাদেশ

২২ হাজার রোহিঙ্গাকে পাসপোর্ট প্রদান

সৌদি রাষ্ট্রদূতকে জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক
আপডেট: ০৪:৪৭, ২০ এপ্রিল ২০২৬
photo

ইসলামিক টিভি ডেস্ক | সৌদি আরবে অবস্থানরত ২২ হাজার মিয়ানমার নাগরিক (রোহিঙ্গা) বাংলাদেশি পাসপোর্ট লাভ করেছেন। সোমবার (২০ এপ্রিল) সচিবালয়ে নিজ কার্যালয়ে বাংলাদেশে নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ড. আবদুল্লাহ জাফর বিন আবিয়াহর সাথে এক সৌজন্য সাক্ষাৎকালে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এই তথ্য নিশ্চিত করেন।

 

বৈঠক সূত্রে জানা গেছে, সৌদি আরবে বর্তমানে অবস্থানরত প্রায় ৬৯ হাজার রোহিঙ্গার বাংলাদেশি পাসপোর্ট ইস্যু করার বিষয়টি আলোচনায় উঠে আসে। রাষ্ট্রদূত আবদুল্লাহ জাফর এই প্রক্রিয়াটি দ্রুত সম্পন্ন করার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, ইতোমধ্যে প্রয়োজনীয় তথ্য-উপাত্ত যাচাই সাপেক্ষে ২২ হাজার রোহিঙ্গাকে পাসপোর্ট প্রদান করা হয়েছে। বাকিদের কাজ দ্রুত শেষ করার লক্ষ্যে বাংলাদেশ থেকে একটি বিশেষ প্রতিনিধি দল পাঠানো হয়েছে।

 

স্বরাষ্ট্রমন্ত্রী বৈঠকে স্পষ্ট করেন যে, যাদের কাছে প্রয়োজনীয় নথিপত্র রয়েছে এবং যারা সকল শর্ত পূরণ করেছেন, তাদের দ্রুতই পাসপোর্ট প্রদান করা হবে। তবে পুরো প্রক্রিয়ায় স্বচ্ছতা বজায় রাখার ওপর তিনি জোর দেন। সৌদি আরব থেকে প্রাপ্ত পূর্ণাঙ্গ তালিকা পুনরায় সঠিকভাবে যাচাই করার জন্য তিনি সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেছেন।

 

আলোচনায় স্বরাষ্ট্রমন্ত্রী সৌদি আরবকে বাংলাদেশের অন্যতম ঘনিষ্ঠ বন্ধু ও ভ্রাতৃপ্রতিম রাষ্ট্র হিসেবে উল্লেখ করেন। তিনি বলেন, জনশক্তি রপ্তানি ছাড়াও বাংলাদেশের জ্বালানি ও পর্যটন খাতে সৌদি আরবের বিনিয়োগের ব্যাপক সম্ভাবনা ও সুযোগ রয়েছে।

দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও শক্তিশালী করতে সৌদি রাষ্ট্রদূত স্বরাষ্ট্রমন্ত্রীকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানান। আগামী জুলাই মাসের প্রথম দিকে স্বরাষ্ট্রমন্ত্রী এই সফরে যেতে পারেন বলে বৈঠকে আলোচনা হয়।

 

উক্ত গুরুত্বপূর্ণ বৈঠকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী, অতিরিক্ত সচিব ড. জিয়াউদ্দিন আহমেদ এবং উপসচিব মিনারা নাজমীনসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।