সারাদেশ

বিদেশে পালিয়ে থাকা অপশক্তি ঠেকাতে ঐক্যবদ্ধ থাকার আহ্বান স্পিকারের

নিজস্ব প্রতিবেদক
আপডেট: ০১:২১, ১৯ এপ্রিল ২০২৬
photo


নিজস্ব প্রতিবেদক | বরিশাল ছাত্র-জনতার ঐতিহাসিক আত্মত্যাগের মাধ্যমে দেশে গণতন্ত্র পুনরুদ্ধার হয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ। তিনি আশা প্রকাশ করেছেন যে, অর্জিত এই গণতন্ত্র আর কখনো এ দেশ থেকে হারিয়ে যাবে না।

 

শনিবার (১৮ এপ্রিল) দুপুরে বরিশাল সার্কিট হাউসে চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের নেতৃবৃন্দের সাথে এক শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এসব কথা বলেন।

 

স্পিকার হাফিজ উদ্দিন আহমদ স্বৈরশাসনবিরোধী আন্দোলনে অংশগ্রহণকারী সকল পক্ষকে নিজেদের মধ্যে ইস্পাতকঠিন ঐক্য বজায় রাখার আহ্বান জানান। তিনি সতর্ক করে দিয়ে বলেন, "যদি আমাদের মধ্যে ঐক্যের ফাটল ধরে, তবে বিদেশে পালিয়ে থাকা অপশক্তি দেশে ফিরে এসে পুনরায় দুঃশাসন কায়েম করার সুযোগ পাবে।"

 

গত দেড় দশকের পরিস্থিতির কথা স্মরণ করে স্পিকার বলেন, বাংলাদেশের জাতীয় জীবনের সবচেয়ে অন্ধকার সময় ছিল বিগত ১৬ বছর। ওই সময়ে নির্বাচনের নামে প্রহসন মঞ্চস্থ হয়েছে এবং সাধারণ মানুষের মৌলিক অধিকারগুলো কেড়ে নেওয়া হয়েছিল। তিনি আক্ষেপ করে বলেন, সেই সময়ে দেশে গণতন্ত্র ও মানবাধিকার পুরোপুরি পদদলিত হয়েছিল।

 

সংসদকে কার্যকর করার লক্ষ্যে বিরোধী দলগুলোর প্রতি বিশেষ আহ্বান জানান স্পিকার। তিনি ‘কারণে-অকারণে’ সংসদ থেকে ওয়াকআউট না করার পরামর্শ দেন। পাশাপাশি, সরকারি দলকেও বিরোধী দলের সাথে গঠনমূলক আলোচনার মাধ্যমে সমঝোতার পথ খুঁজে বের করার তাগিদ দেন তিনি।

 

উক্ত অনুষ্ঠানে স্থানীয় ব্যবসায়ী নেতৃবৃন্দসহ প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।