সারাদেশ

সরকারি চাকরিতে বিশাল সুযোগ

৫ লাখ শূন্যপদে নিয়োগের প্রস্তুতি শুরু
নিজস্ব প্রতিবেদক
আপডেট: ১২:১৮, ১৬ এপ্রিল ২০২৬
photo

সরকারি চাকরিতে বড় ধরনের নিয়োগের প্রক্রিয়া শুরু করেছে বর্তমান সরকার। দেশের বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের শূন্য থাকা ৫ লাখ পদে দ্রুত নিয়োগ সম্পন্ন করতে ইতোমধ্যে প্রশাসনিক তৎপরতা শুরু হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে সব মন্ত্রণালয় ও বিভাগের কাছে শূন্য পদের হালনাগাদ তথ্য চেয়ে জরুরি চিঠি পাঠানো হয়েছে।

 

সম্প্রতি সকল মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ও সচিবদের কাছে পাঠানো ওই চিঠিতে একটি নির্দিষ্ট ছক অনুযায়ী পদের প্রতিবেদন পাঠানোর অনুরোধ জানানো হয়েছে। সরকারের নির্বাচনী ইশতেহারের অন্যতম প্রধান প্রতিশ্রুতি ছিল ‘স্বচ্ছতা ও দ্রুততার সঙ্গে ৫ লাখ সরকারি কর্মচারী নিয়োগ’। এই লক্ষ্য বাস্তবায়নেই এখন মন্ত্রণালয় ও বিভাগগুলোর কর্মপরিকল্পনা ও কৌশল প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠানো হয়েছে।

 

আজ বুধবার জাতীয় সংসদে এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী তারেক রহমানও এই বিশাল নিয়োগ পরিকল্পনার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, সরকার ৫ লাখ সরকারি কর্মচারী নিয়োগের চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে এবং সেই লক্ষ্যেই কাজ এগিয়ে চলছে।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের চিঠিতে জানানো হয়েছে যে, মন্ত্রণালয়, অধীনস্থ দপ্তর, সংস্থা এবং মাঠ পর্যায়ের অফিসের সকল শূন্য পদের তথ্য সংগ্রহ করা হচ্ছে। এর মধ্যে পাবলিক সার্ভিস কমিশনের (পিএসসি) মাধ্যমে এবং সরাসরি নিয়োগযোগ্য উভয় ধরণের পদই অন্তর্ভুক্ত রয়েছে।

 

বর্তমানে শুধুমাত্র জনপ্রশাসন মন্ত্রণালয় এবং এর অধীনস্থ বিভিন্ন সংস্থায় ২ হাজার ৮৭৯ জন লোক নিয়োগের কার্যক্রম চলমান রয়েছে। দেশব্যাপী এই বড় নিয়োগ প্রক্রিয়া শুরু হলে বেকার যুবসমাজের জন্য কর্মসংস্থানের এক বিশাল দ্বার উন্মোচিত হবে বলে আশা করা হচ্ছে।