নিজস্ব প্রতিবেদক
লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর প্রভাবশালী সংসদ সদস্য হাসান ফাদলাল্লাহ দাবি করেছেন, ইসরায়েল বর্তমানে যুক্তরাষ্ট্রের সাথে আলোচনার আড়ালে লেবাননকে ব্যবহার করে নিজেদের যুদ্ধের ক্ষতি পুষিয়ে নেওয়ার চেষ্টা চালাচ্ছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
হাসান ফাদলাল্লাহ লেবানন সরকারের বর্তমান অবস্থানের সমালোচনা করে বলেন, সরকারের উচিত তাদের গৃহীত সিদ্ধান্তগুলো পুনরায় বিবেচনা করা। তিনি প্রশাসনকে দেশের সাধারণ জনগণের পাশে দৃঢ়ভাবে দাঁড়ানোর আহ্বান জানান।
ফাদলাল্লাহ অভিযোগ করেন, দক্ষিণ লেবানন থেকে সেনাবাহিনী সরিয়ে নেওয়ার ফলে ওই অঞ্চলটি বর্তমানে চরম নিরাপত্তা ঝুঁকিতে পড়েছে। এই সুযোগ কাজে লাগিয়ে ইসরায়েলি বাহিনী সেখানে অনায়াসেই তাদের কার্যক্রম পরিচালনা করছে, যা দেশের সার্বভৌমত্বের জন্য হুমকিস্বরূপ।
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান আলোচনা প্রসঙ্গে তিনি একটি চাঞ্চল্যকর দাবি করেন। ফাদলাল্লাহ বলেন, পাকিস্তানে অনুষ্ঠিত যুক্তরাষ্ট্র ও ইরানের আলোচনা থেকে ইসরায়েলের ইচ্ছায় লেবাননকে পরিকল্পিতভাবে বাদ রাখা হয়েছে।
তিনি আরও উল্লেখ করেন যে, এই আলোচনা থেকে লেবাননকে দূরে রাখার যে অবস্থান আমেরিকা নিয়েছে, তা আসলে লেবানন সরকারের নিজস্ব দুর্বল অবস্থানের ওপর ভিত্তি করেই তৈরি হয়েছে। হিজবুল্লাহর এই সংসদ সদস্য মনে করেন, বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে সরকারকে আরও সচেতন ও কৌশলী হওয়া জরুরি।