সারাদেশ

মাদক ও মানব পাচার নির্মূলে কঠোর হুঁশিয়ারি স্বরাষ্ট্রমন্ত্রীর

টেকনাফে বিশেষ অভিযানের ঘোষণা
নিজস্ব প্রতিবেদক
আপডেট: ০৬:৩১, ১৫ এপ্রিল ২০২৬
photo

টেকনাফ, কক্সবাজার: মাদককে ভয়াবহ সামাজিক ব্যাধি উল্লেখ করে দেশজুড়ে এর বিস্তার রোধ এবং অবৈধ মানব পাচার বন্ধে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি জানিয়েছেন, কক্সবাজারের উখিয়া-টেকনাফসহ দেশের ঝুঁকিপূর্ণ সীমান্ত এলাকাগুলোতে এসব অপরাধ দমনে শিগগিরই বিশেষ অভিযান পরিচালনা করা হবে।

 

মঙ্গলবার দুপুরে টেকনাফের এজাহার বালিকা সরকারি উচ্চবিদ্যালয় মাঠে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এদিন ভিডিও কনফারেন্সের মাধ্যমে 'কৃষক কার্ড' বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

 

স্বরাষ্ট্রমন্ত্রী তাঁর বক্তব্যে বলেন, মাদক দেশের যুবসমাজকে বিপথগামী করছে। মাদকের পাশাপাশি বর্তমানে অনলাইন জুয়ার বিস্তার নিয়েও তিনি গভীর উদ্বেগ প্রকাশ করেন। তিনি জানান, অনলাইন জুয়ার নেতিবাচক প্রভাব থেকে সমাজকে রক্ষা করতে সরকার ইতিমধ্যে গবেষণামূলক কার্যক্রম শুরু করেছে। একটি টেকসই ও বাস্তবসম্মত সমাধানের মাধ্যমে এসব অবৈধ কর্মকাণ্ড বন্ধে সরকার দৃঢ়প্রতিজ্ঞ।

 

মানব পাচার বৃদ্ধিতে উদ্বেগ প্রকাশ করে মন্ত্রী বলেন, টেকনাফ ও উখিয়ার উপকূলীয় এলাকাগুলো এই অপরাধের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ। পাচারকারীরা যেসব পয়েন্ট ব্যবহার করে অপরাধ সংগঠিত করে, সেগুলো চিহ্নিত করা হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সুসংগঠিত ও পরিকল্পিতভাবে অভিযান চালানোর নির্দেশনা দেওয়া হয়েছে। অপরাধীদের আইনের আওতায় আনতে কোনো ছাড় দেওয়া হবে না বলেও তিনি স্পষ্ট জানান।

 

অনুষ্ঠানে কক্সবাজার-১ আসনের সংসদ সদস্য সালাহউদ্দিন আহমদ বলেন, কৃষকই দেশের অর্থনীতির মূল চালিকাশক্তি। কৃষক কার্ড বিতরণের এই উদ্যোগটি ঐতিহাসিক। তিনি আরও উল্লেখ করেন যে, বিএনপি জনগণের দেওয়া প্রতিশ্রুতি রক্ষায় বদ্ধপরিকর এবং নির্বাচনের পর দ্রুততম সময়ের মধ্যেই তা বাস্তবায়ন শুরু করেছে।