নিজস্ব প্রতিবেদক
দেশের তিন অঞ্চলের ওপর দিয়ে আজ রাতের মধ্যে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে কালবৈশাখী ঝড় ও বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আজ মঙ্গলবার (১৪ এপ্রিল) বিকেলে নদীবন্দর সমূহের জন্য দেওয়া এক বিশেষ সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়।
আবহাওয়া অফিসের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আজ মঙ্গলবার বিকেল সাড়ে ৫টা থেকে রাত ১টার মধ্যে দেশের অভ্যন্তরীণ উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলের ওপর দিয়ে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। বিশেষ করে টাঙ্গাইল, ময়মনসিংহ এবং সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে বৃষ্টি বা বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।
ঝড়ো হাওয়ার আশঙ্কায় উল্লিখিত অঞ্চলসমূহের নদীবন্দরগুলোকে ১ নম্বর (পুনঃ) ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। ওইসব এলাকার নৌযানগুলোকে সাবধানে চলাচল করতে এবং আবহাওয়া পরিস্থিতির দিকে নজর রাখতে পরামর্শ দেওয়া হয়েছে।
উল্লেখ্য যে, গত কয়েকদিন ধরেই দেশের বিভিন্ন স্থানে বিচ্ছিন্নভাবে বৃষ্টি ও কালবৈশাখী ঝড় হচ্ছে। এরই ধারাবাহিকতায় আজ রাতে এই তিন অঞ্চলে বৈরী আবহাওয়ার পূর্বাভাস দিল অধিদপ্তর।