নিজস্ব প্রতিবেদক
পয়লা বৈশাখ উপলক্ষে টাঙ্গাইল সফরে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এই সফরের মূল আকর্ষণ হিসেবে জেলা থেকে দেশব্যাপী ‘কৃষক কার্ড’বিতরণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন তিনি। সোমবার টাঙ্গাইলের শহীদ মারুফ স্টেডিয়ামে অনুষ্ঠানস্থল পরিদর্শন শেষে কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ জানান, আগামী চার বছরের মধ্যে সারা দেশে এই কার্ড বিতরণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
প্রধানমন্ত্রীর প্রটোকল কর্মকর্তা মো. উজ্জল হোসেন স্বাক্ষরিত সফরসূচি অনুযায়ী, মঙ্গলবার সকাল ৮টায় সড়কপথে ঢাকা থেকে টাঙ্গাইলের উদ্দেশে রওনা হবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
টাঙ্গাইলের সন্তোষে মজলুম জননেতা মাওলানা আবদুল হামিদ খান ভাসানীর মাজার জিয়ারত সকাল ১০টা , শহীদ মারুফ স্টেডিয়ামে ‘কৃষক কার্ড’বিতরণ কার্যক্রমের উদ্বোধন সকাল ১০:৩০ মিনিট , শহীদ স্মৃতি পৌর উদ্যানে কৃষি মেলার উদ্বোধন দুপুর ১২:১৫ মিনিট এবং সার্কিট হাউসে নামাজের বিরতি শেষে ঢাকার উদ্দেশে যাত্রা দুপুর ২টায় ।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, প্রাথমিকভাবে টাঙ্গাইল সদর উপজেলার ঘারিন্দা ইউনিয়নের তিনটি ওয়ার্ডের ১ হাজার ৪৭০ জন কৃষক এই কার্ড পাচ্ছেন। উদ্বোধনী অনুষ্ঠানে ১০০ জন কৃষক উপস্থিত থাকবেন এবং এর মধ্যে ১৫ জনের হাতে প্রধানমন্ত্রী সরাসরি কার্ড তুলে দেবেন।
কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেন, "সারা দেশের নির্বাচিত ১১টি ব্লকে এই প্রি-পাইলটিং কার্যক্রম শুরু হচ্ছে। মাঠ পর্যায়ে কাজের অভিজ্ঞতা নিয়ে প্রয়োজনে সংশোধন ও পরিমার্জন শেষে এটি দেশজুড়ে ছড়িয়ে দেওয়া হবে।"
প্রধানমন্ত্রী হওয়ার পর তারেক রহমানের এটিই প্রথম টাঙ্গাইল সফর। তাঁর এই আগমনকে ঘিরে জেলাজুড়ে নেতা-কর্মী ও সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে। শহরজুড়ে চলছে পরিষ্কার-পরিচ্ছন্নতা ও সৌন্দর্যায়নের কাজ। জেলা বিএনপির সাবেক সদস্যসচিব মাহমুদুল হক জানান, প্রধানমন্ত্রীকে বরণ করে নিতে পুরো জেলা এখন উৎসবমুখর।
সোমবার অনুষ্ঠানস্থল পরিদর্শনের সময় কৃষিমন্ত্রীর সঙ্গে আরও উপস্থিত ছিলেন ,মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন , যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক এবং সংসদ সদস্য আবদুস সালাম এবং জেলা প্রশাসক শরীফা হক ও পুলিশ সুপার মোহাম্মদ শামসুল আলম সরকার ।
কৃষিমন্ত্রী এই দিনটিকে ঐতিহাসিক উল্লেখ করে বলেন, নতুন বছরের প্রথম দিনে কৃষক কার্ডের যাত্রা বাংলাদেশের কৃষিখাতে একটি মাইলফলক হয়ে থাকবে।