সারাদেশ

চট্টগ্রাম থেকে হজের বিশেষ ফ্লাইট শুরু ১৯ এপ্রিল

১৬টি ফ্লাইটের সময়সূচি ঘোষণা
নিজস্ব প্রতিবেদক
আপডেট: ১২:১২, ১৪ এপ্রিল ২০২৬
photo

চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে পবিত্র হজ পালনে ইচ্ছুক যাত্রীদের সুবিধার্থে বিশেষ হজ ফ্লাইটের সময়সূচি ঘোষণা করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস। আগামী ১৯ এপ্রিল থেকে ২০ মে পর্যন্ত মোট ১৬টি ডেডিকেটেড ও শিডিউল ফ্লাইট মক্কা ও মদিনার উদ্দেশে যাত্রা করবে।

 

শাহ আমানত বিমানবন্দরের স্টেশন ম্যানেজার ফজলে সাব্বির হাসান সংবাদমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন।

বিমান বাংলাদেশ এয়ারলাইনসের দেওয়া তথ্যমতে, চট্টগ্রাম থেকে পরিচালিত এবারের সবকটি হজ ফ্লাইট বোয়িং ৭৭৭ (B777) উড়োজাহাজের মাধ্যমে সম্পন্ন হবে। এই ১৬টি ফ্লাইটের মধ্যে ১৩টি ফ্লাইট সরাসরি জেদ্দায় এবং বাকি তিনটি ফ্লাইট (২২ এপ্রিল, ২৩ এপ্রিল ও ১৩ মে) সরাসরি মদিনার উদ্দেশে রওনা হবে।

 

আগামী ১৯ এপ্রিল সন্ধ্যা ৬টা ২০ মিনিটে জেদ্দার উদ্দেশে প্রথম হজ ফ্লাইট (ফ্লাইট নং- BG135) চট্টগ্রাম ছেড়ে যাবে। এছাড়া মে মাসের ৮, ১০, ১২, ১৩, ১৪, ۱۵, ১৭ এবং ২০ তারিখেও নিয়মিত বিরতিতে হজ ফ্লাইটগুলো পরিচালিত হবে।

 

বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, প্রতিটি ফ্লাইট ছাড়ার নির্ধারিত সময়ের অন্তত ৬ ঘণ্টা আগে চেক-ইন কাউন্টার খুলে দেওয়া হবে। যাতায়াত নির্বিঘ্ন করতে হজযাত্রীদের ফ্লাইট সময়ের অন্তত ৬ ঘণ্টা আগেই বিমানবন্দরে উপস্থিত থাকার জন্য বিশেষ অনুরোধ জানানো হয়েছে।

 

স্টেশন ম্যানেজার ফজলে সাব্বির হাসান আরও জানিয়েছেন, প্রকাশিত এই সময়সূচি স্থানীয় সময় অনুযায়ী নির্ধারণ করা হয়েছে। তবে ফ্লাইট পরিচালনার সুবিধার্থে বা জরুরি প্রয়োজনে যেকোনো সময় এই সময়সূচিতে পরিবর্তন আসতে পারে।