সারাদেশ

হরমুজ প্রণালি নিয়ে ট্রাম্পের হুঁশিয়ারি

ইরানকে টোল দিলেই জাহাজ ‘অবরোধ’করবে যুক্তরাষ্ট্র
নিজস্ব প্রতিবেদক
আপডেট: ০৭:৪৩, ১২ এপ্রিল ২০২৬
photo

ইসলামিক টিভি ডেস্ক: দীর্ঘ উত্তেজনার পর এবার হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচলে কঠোর অবরোধের ঘোষণা দিয়েছেন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইসলামাবাদে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যেকার আলোচনা কোনো সমাধান ছাড়াই ব্যর্থ হওয়ার কয়েক ঘণ্টার মাথায় এই কড়া হুঁশিয়ারি দিলেন তিনি।

 

নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ দেওয়া একটি পোস্টে ডোনাল্ড ট্রাম্প সরাসরি মার্কিন বাহিনীকে অ্যাকশনে যাওয়ার নির্দেশ দিয়েছেন। তিনি জানান, হরমুজ প্রণালি দিয়ে প্রবেশকারী বা বের হওয়া যেকোনো জাহাজ অবরোধ করার প্রক্রিয়া অবিলম্বে শুরু করবে মার্কিন নৌবাহিনী। মূলত ইরানকে টোল বা শুল্ক প্রদানকারী জাহাজগুলোই হবে এই অভিযানের মূল লক্ষ্য।

 

ট্রাম্প তার পোস্টে সাফ জানিয়ে দিয়েছেন যে, আন্তর্জাতিক জলসীমায় যেসব জাহাজ ইরানকে বেআইনিভাবে টোল দেবে, তাদের আর নিরাপদ যাতায়াতের সুযোগ দেওয়া হবে না। তিনি বলেন "আমি আমাদের নৌবাহিনীকে নির্দেশ দিয়েছি আন্তর্জাতিক জলসীমায় এমন প্রতিটি জাহাজকে খুঁজে বের করতে ও গতিরোধ করতে, যারা ইরানকে শুল্ক প্রদান করেছে।"

 

প্রেসিডেন্টের দাবি, তিনি এমন একটি পরিস্থিতি চান যেখানে সবাই অবাধে যাতায়াত করতে পারবে, কিন্তু ইরান সেই স্বাভাবিক চলাচলে বাধা সৃষ্টি করছে।

 

উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি ইরান ও ইসরায়েলে হামলার ঘটনার পর থেকেই কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি কার্যত বন্ধ করে রেখেছে ইরান। বিশ্বের মোট জ্বালানি চাহিদার প্রায় ২০ শতাংশ এই পথ দিয়েই সরবরাহ করা হয়। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই নৌপথটি বন্ধ হয়ে যাওয়ায় বিশ্বজুড়ে জ্বালানি তেলের বাজারে চরম অস্থিরতা ও সংকট তৈরি হয়েছে।

 

এই উত্তপ্ত পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের নতুন ‘অবরোধ’ ঘোষণা মধ্যপ্রাচ্যের ভূ-রাজনীতিকে আরও জটিল করে তুলবে বলে আশঙ্কা করা হচ্ছে।