সারাদেশ

অবসরপ্রাপ্ত শিক্ষকদের নিয়ে ‘শিক্ষক পুল’ গঠনের সিদ্ধান্ত

নিজস্ব প্রতিবেদক
আপডেট: ১২:১০, ১৪ এপ্রিল ২০২৬
photo

দেশের বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে শিক্ষক সংকট দূর করতে এবং পাঠদান কার্যক্রম স্বাভাবিক রাখতে অভিজ্ঞ ও শারীরিকভাবে সক্ষম অবসরপ্রাপ্ত শিক্ষকদের নিয়ে একটি ‘শিক্ষক পুল’ গঠনের সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। এই পুল থেকে প্রয়োজন অনুযায়ী সাময়িকভাবে শিক্ষক নিয়োগ দিতে পারবে সংশ্লিষ্ট স্কুল-কলেজের ম্যানেজিং কমিটি।

 

সম্প্রতি শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের বেসরকারি মাধ্যমিক-১ শাখার সিনিয়র সহকারী সচিব শিরীন আক্তার স্বাক্ষরিত এক চিঠিতে এই নির্দেশনা প্রদান করা হয়।

 

শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, বর্তমানে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে শিক্ষক স্বল্পতা এবং এনটিআরসিএ (NTRCA) কর্তৃক নতুন শিক্ষক নিয়োগে বিলম্ব হওয়ার কারণে নিয়মিত পাঠদান ব্যাহত হচ্ছে। শিক্ষার্থীদের পড়াশোনার মান বজায় রাখা এবং গুণগত শিক্ষা নিশ্চিত করতেই এই বিকল্প ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

 

দেশের প্রতিটি উপজেলায় অবস্থানরত অভিজ্ঞ এবং শারীরিকভাবে কর্মক্ষম অবসরপ্রাপ্ত শিক্ষকদের নিয়ে এই ‘শিক্ষক পুল’ গঠন করা হবে। সংশ্লিষ্ট জেলা প্রশাসকদের (ডিসি) এই তালিকা বা পুল তৈরির প্রয়োজনীয় ব্যবস্থা নিতে অনুরোধ জানানো হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) পরামর্শক্রমে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটি, গভর্নিং বডি বা অ্যাডহক কমিটি এই পুল থেকে শিক্ষক নিয়োগের অনুমোদন দিতে পারবে।

 

নির্দেশনায় আরও উল্লেখ করা হয়েছে যে, এই প্রক্রিয়ায় নিয়োগপ্রাপ্ত শিক্ষকদের সম্মানি বা আনুষঙ্গিক ব্যয় সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানের নিজস্ব তহবিলের ‘অত্যাবশ্যকীয় খাত’ থেকে নির্বাহ করতে হবে। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালককে এ বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়ার জন্য অনুরোধ করেছে মন্ত্রণালয়।

 

দেশের সকল জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালককে এই সিদ্ধান্তের কথা আনুষ্ঠানিকভাবে জানিয়ে দেওয়া হয়েছে। মূলত সাময়িকভাবে শিক্ষক সংকট মোকাবিলা করে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর একাডেমিক কার্যক্রম গতিশীল রাখাই এই উদ্যোগের মূল লক্ষ্য।