নিজস্ব প্রতিবেদক
চলতি বছরের পবিত্র হজ পালনের উদ্দেশ্যে বাংলাদেশ থেকে প্রথম ফ্লাইট আগামী ১৭ এপ্রিল শুরু হতে যাচ্ছে। প্রধানমন্ত্রী তারেক রহমান ওই দিন রাতে আনুষ্ঠানিকভাবে হজ ফ্লাইটের শুভ উদ্বোধন করবেন।
আজ রবিবার প্রধানমন্ত্রীর সভাপতিত্বে হজ ব্যবস্থাপনা কমিটির একটি বিশেষ সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে গণমাধ্যমকর্মীদের এই সিদ্ধান্তের কথা জানান ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ।
ধর্মমন্ত্রী জানান, ধর্মপ্রাণ মুসল্লিদের হজযাত্রা যেন সম্পূর্ণ নির্বিঘ্ন ও নিরাপদ হয়, সেজন্য প্রধানমন্ত্রী স্পষ্ট নির্দেশনা দিয়েছেন। এছাড়া সরকারপ্রধান আগামী দুই-এক দিনের মধ্যেই সরাসরি হজ ক্যাম্প পরিদর্শনে যাবেন বলে আশা করা হচ্ছে।
হজ ব্যবস্থাপনায় স্বচ্ছতা নিশ্চিত করতে সরকারের কঠোর অবস্থানের কথা পুনর্ব্যক্ত করেছেন মন্ত্রী। তিনি বলেন, হজ সংক্রান্ত কোনো ধরনের অনিয়ম বা অবহেলা সহ্য করা হবে না। একইসঙ্গে তিনি আশ্বস্ত করেন যে, বিগত সময়ের মতো এবার ফ্লাইটের ক্ষেত্রে কোনো প্রকার জটিলতা তৈরি হবে না।