সারাদেশ

মধ্যপ্রাচ্যে শান্তি ও যুদ্ধবিরতি চুক্তি: বিশ্বনেতাদের নজর এখন ইসলামাবাদে

নিজস্ব প্রতিবেদক
আপডেট: ০১:৪৩, ১২ এপ্রিল ২০২৬
photo

বিশ্বরাজনীতি ও অর্থনীতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এক সন্ধিক্ষণে দাঁড়িয়ে আজ পাকিস্তানের রাজধানী ইসলামাবাদ। মধ্যপ্রাচ্যে দীর্ঘস্থায়ী শান্তি প্রতিষ্ঠা এবং চলমান যুদ্ধবিরতি চুক্তির একটি স্থায়ী সমাধানের লক্ষ্যে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরানের প্রতিনিধি দল এখন পাকিস্তানে অবস্থান করছেন। এই উচ্চপর্যায়ের বৈঠকের ফলাফলের ওপরই নির্ভর করছে বিশ্ব অর্থনীতির ভবিষ্যৎ স্থিতিশীলতা।

 

এই শান্তি আলোচনায় ইরানের প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন দেশটির পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাকের গালিবাফ। গতকাল শুক্রবার তিনি তার দলবলসহ পাকিস্তানে পৌঁছান। তবে আলোচনার পাশাপাশি গালিবাফের পাকিস্তান যাত্রার একটি বিশেষ ছবি বর্তমানে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার সৃষ্টি করেছে।

 

সফরকালে স্পিকার গালিবাফ তার ভেরিফাইড এক্স (সাবেক টুইটার) হ্যান্ডেলে একটি আবেগঘন ছবি পোস্ট করেন। ছবিতে দেখা যায়, বিমানের বেশ কিছু খালি আসনে অত্যন্ত যত্ন সহকারে সাজিয়ে রাখা হয়েছে ইরানের মিনাব স্কুলে হামলায় নিহত শিক্ষার্থীদের ছবি এবং তাদের ব্যবহৃত জিনিসপত্র।

 

তিনি ছবিটির ক্যাপশনে লিখেছেন, ‘ফ্লাইটে আমার সঙ্গীরা, মিনাব ১৬৮’। মূলত যে বিমানে চড়ে প্রতিনিধি দলটি পাকিস্তানে এসেছেন, সেটির নামকরণ করা হয়েছে ‘মিনাব ১৬৮’। মিনাব শহরের সেই স্কুলে প্রাণ হারানো ১৬৮ জন শিক্ষার্থীর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতেই এই বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে।

 

গত ২৮ ফেব্রুয়ারি ইরানে সামরিক অভিযান শুরু করে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। সেই সময় মার্কিন বাহিনীর একটি হামলায় ইরানের মিনাব অঞ্চলের একটি প্রাথমিক বিদ্যালয় ক্ষতিগ্রস্ত হয়, যেখানে দেড় শতাধিক কোমলমতি শিশু শিক্ষার্থী প্রাণ হারায়।

মূলত ওই মর্মান্তিক ঘটনায় নিহত শিক্ষার্থীদের স্মরণ করতে এবং বিশ্ববাসীর সামনে সেই শোকাবহ স্মৃতি তুলে ধরতেই স্পিকার গালিবাফ এমন ব্যতিক্রমী ভঙ্গিতে পাকিস্তানে সফর করেছেন। এই সফরের মাধ্যমেই এখন মধ্যপ্রাচ্যে দীর্ঘস্থায়ী শান্তি ফেরার প্রতীক্ষায় রয়েছে বিশ্ববাসী।