নিজস্ব প্রতিবেদক
ভারত মহাসাগরীয় অঞ্চলের দেশগুলোর অর্থনীতি ও সামাজিক স্থিতিশীলতা রক্ষায় জ্বালানি সংকট মোকাবেলায় সম্মিলিত প্রচেষ্টার ওপর গুরুত্বারোপ করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। তিনি সতর্ক করে বলেছেন, মধ্যপ্রাচ্যে যুদ্ধবিরতি হলেও বিশ্বজুড়ে জ্বালানি সংকট থেকে যাওয়ার আশঙ্কা রয়েছে।
শনিবার (১১ এপ্রিল) মরিশাসে অনুষ্ঠিত নবম ভারত মহাসাগরীয় কনফারেন্সে (আইওসি) দেওয়া বক্তব্যে তিনি এসব কথা বলেন।
পররাষ্ট্রমন্ত্রী তার বক্তব্যে উল্লেখ করেন যে, ভারত মহাসাগরীয় অঞ্চল বর্তমানে একটি অস্থির সময়ের মধ্য দিয়ে যাচ্ছে। বিশেষ করে জ্বালানি সংকট এই অঞ্চলের দেশগুলোর জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। এই সংকট কাটাতে তিনি দেশগুলোকে একে অপরের প্রয়োজন উপলব্ধি করে এবং নিজেদের সম্পদকে কাজে লাগিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
বর্তমান পরিবর্তিত রাজনৈতিক ও অর্থনৈতিক প্রেক্ষাপটে বৈশ্বিক নিরাপত্তা কাঠামো নতুন করে পর্যালোচনার দাবি রাখেন ড. খলিলুর রহমান। তিনি বলেন, পরিবেশগতভাবে ঝুঁকিপূর্ণ এবং সামাজিকভাবে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর সুরক্ষা নিশ্চিত করা এখন সময়ের দাবি। টেকসই উন্নয়নের অর্জনগুলো ধরে রাখতে সংকট মোকাবেলায় নতুন চিন্তাধারার প্রয়োজন রয়েছে।
প্রধানমন্ত্রী তারেক রহমানের উদ্ধৃতি দিয়ে পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশে ‘সুপার সোর্সিং হাব’ গড়ে তোলার পরিকল্পনার কথা জানান। এর মাধ্যমে স্থানীয় ক্ষুদ্র ও মাঝারি শিল্পকে (এমএসএমই) বৈশ্বিক সরবরাহ শৃঙ্খল এবং ডিজিটাল বাণিজ্যের সাথে যুক্ত করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। বিশেষ করে তরুণ উদ্যোক্তাদের সক্ষমতা বৃদ্ধি এবং কৃত্রিম বুদ্ধিমত্তার মতো আধুনিক প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে উদ্ভাবনী নেতৃত্ব তৈরির ওপর তিনি জোর দেন।