নিজস্ব প্রতিবেদক
জাতীয় সংসদে অন্তর্বর্তীকালীন সরকারের জারি করা অধ্যাদেশগুলোকে স্থায়ী আইনে রূপান্তরের প্রক্রিয়া দ্রুত গতিতে এগিয়ে চলছে। এরই ধারাবাহিকতায় ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের ১৩তম দিনে আরও ১০টি গুরুত্বপূর্ণ বিল পাস হয়েছে।
শুক্রবার (১০ এপ্রিল) সকালে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ, বীর বিক্রমের সভাপতিত্বে অনুষ্ঠিত অধিবেশনে বিলগুলো সর্বসম্মতিক্রমে পাস হয়। বিলগুলোর ওপর কোনো সংশোধনী প্রস্তাব না থাকায় এ বিষয়ে সংসদে আলাদা কোনো আলোচনার প্রয়োজন পড়েনি।
অন্তর্বর্তী সরকারের আমলে জারি করা মোট ১৩৩টি অধ্যাদেশ পর্যালোচনার জন্য একটি বিশেষ কমিটি গঠন করা হয়েছিল। ওই কমিটি ৯৮টি অধ্যাদেশ কোনো পরিবর্তন ছাড়াই এবং ১৫টি সংশোধনীসহ পাসের সুপারিশ করে। শুক্রবার পাস হওয়া ১০টি বিল মূলত অপরিবর্তিতভাবে পাসের তালিকায় ছিল।
বাকি ২০টি অধ্যাদেশের মধ্যে ৪টি বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং ১৬টি অধ্যাদেশকে আরও শক্তিশালী করে নতুন রূপে আনার প্রস্তাব করেছে সংসদীয় কমিটি।
সকালের অধিবেশনে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মন্ত্রীরা নিজ নিজ বিলগুলো উত্থাপন করেন। বিলগুলো হল : নগর উন্নয়ন বিষয়ক বিল ,বরিশাল উন্নয়ন কর্তৃপক্ষ বিল ২০২৬ , ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষ বিল ২০২৬, কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষ বিল ২০২৬ , রংপুর উন্নয়ন কর্তৃপক্ষ বিল ২০২৬ , অর্থ ও শুল্ক বিষয়ক বিল ।
অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী তিনটি বিল পাসের প্রস্তাব করেন এবং সেগুলো কণ্ঠভোটে পাস হয়। বিলগুলো হলো আমানত সুরক্ষা বিল ২০২৬ ,এক্সাইজেস এন্ড সল্ট বিল ২০২৬ , মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক (সংশোধন) বিল ২০২৬ ।
সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী ‘বাংলাদেশ শিল্পকলা একাডেমী (সংশোধন) বিল, ২০২৬’ এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু ‘বাংলাদেশ বনশিল্প উন্নয়ন কর্পোরেশন বিল, ২০২৬’ উত্থাপন করলে সেগুলো পাস হয়।
সংসদ সচিবালয় সূত্রে জানা গেছে, অধ্যাদেশগুলোকে আইনি বৈধতা ও স্থায়িত্ব দিতেই এই আইনি প্রক্রিয়া সম্পন্ন করা হচ্ছে। এর ফলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর কার্যক্রম আরও গতিশীল হবে বলে আশা করা হচ্ছে।