নিজস্ব প্রতিবেদক
ইসলামিক টিভি ডেস্ক: ইরান ও লেবাননের সাথে চলমান যুদ্ধ পরিস্থিতির মধ্যেই নতুন করে আলোচনায় এসেছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। দেশটিতে জারি করা জরুরি অবস্থা তুলে নেওয়ার মাত্র কয়েক ঘণ্টার ব্যবধানে তার বিরুদ্ধে দীর্ঘদিন ধরে চলা দুর্নীতি মামলার বিচার কাজ পুনরায় শুরু করার ঘোষণা দিয়েছে আদালত।
ইসরায়েলি আদালতের এক মুখপাত্র জানিয়েছেন, জরুরি অবস্থা প্রত্যাহার এবং বিচারব্যবস্থা স্বাভাবিক অবস্থায় ফিরে আসায় এখন থেকে নিয়মিতভাবে শুনানি চলবে। আদালতের দেওয়া বিবৃতি অনুযায়ী, প্রতি সপ্তাহের রবিবার থেকে বুধবার পর্যন্ত এই মামলার শুনানি অনুষ্ঠিত হবে।
২০১৯ সালে দীর্ঘ তদন্ত শেষে নেতানিয়াহুর বিরুদ্ধে প্রথম অভিযোগ গঠন করা হয়। ইসরায়েলের ইতিহাসে তিনি প্রথম ব্যক্তি, যিনি প্রধানমন্ত্রী পদে থাকা অবস্থায় এমন গুরুতর আইনি ব্যবস্থার মুখোমুখি হয়েছেন। মূলত ২০২০ সাল থেকে তার বিরুদ্ধে এই বিচার প্রক্রিয়া শুরু হয়। নেতানিয়াহুর বিরুদ্ধে প্রধানত ঘুষ গ্রহণ ,প্রতারণা ও বিশ্বাসভঙ্গ এর অভিযোগ আনা হয়েছে ।
যদিও বেনিয়ামিন নেতানিয়াহু শুরু থেকেই তার বিরুদ্ধে আনা সব অভিযোগ অস্বীকার করে আসছেন। আইনি বিশেষজ্ঞদের মতে, এসব অভিযোগ প্রমাণিত হলে তার দীর্ঘমেয়াদী কারাদণ্ড হতে পারে। তবে রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনের অজুহাতে বারবার শুনানি পেছানোর ফলে এই বিচার প্রক্রিয়া কবে নাগাদ শেষ হবে, তা নিয়ে এখনও অনিশ্চয়তা কাটেনি।