নিজস্ব প্রতিবেদক
দেশে হামের প্রকোপ আশঙ্কাজনকভাবে বাড়ছে। গত ২৪ ঘণ্টায় হাম ও এর উপসর্গ নিয়ে সারাদেশে আরও ১১ জনের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে ১০ জনই হামের উপসর্গ নিয়ে এবং একজন নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে মারা গেছেন। মঙ্গলবার (৭ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে পাঠানো এক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় নতুন করে ১ হাজার ২৩৬ জন সন্দেহভাজন হামরোগী শনাক্ত হয়েছে। গত ১৫ মার্চ থেকে ৭ এপ্রিল পর্যন্ত এই সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯ হাজার ৮৮৩ জনে।
অন্যদিকে, গত একদিনে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়েছেন ২২৪ জন। এ নিয়ে গত কয়েক সপ্তাহে নিশ্চিত হামরোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৩৯৮ জনে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, ১৫ মার্চ থেকে ৭ এপ্রিল পর্যন্ত হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন মোট ৬ হাজার ৮৮৩ জন। চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৪ হাজার ৬৩৫ জন। বর্তমানে আরও অনেক রোগী দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
গত ২৪ ঘণ্টায় মৃত্যুর হিসেবে সবচেয়ে ভয়াবহ অবস্থায় রয়েছে ঢাকা বিভাগ। এই সময়ে হামের উপসর্গ নিয়ে মারা যাওয়া ১০ জনের মধ্যে ৬ জনই ঢাকা বিভাগের, যা জেলা হিসেবেও সর্বোচ্চ।
গত ১৫ মার্চ থেকে ৭ এপ্রিল পর্যন্ত সরকারি হিসাব অনুযায়ী, নিশ্চিত হামে আক্রান্ত হয়ে মোট ২১ জন প্রাণ হারিয়েছেন। এছাড়া একই সময়ে হামের উপসর্গ বা সন্দেহজনক হামে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ১২৮ জনের।
দেশের এই পরিস্থিতিতে স্বাস্থ্যবিধি মেনে চলা এবং শিশুদের টিকা নিশ্চিত করার বিষয়ে গুরুত্বারোপ করছেন সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা।