সারাদেশ

বিসিবির নতুন সভাপতি তামিম ইকবাল

নিজস্ব প্রতিবেদক
আপডেট: ০৮:১০, ০৭ এপ্রিল ২০২৬
photo

বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি) বড় ধরনের পরিবর্তন এনেছে সরকার। দেশের ক্রিকেটের সর্বোচ্চ এই সংস্থাকে নতুন করে সাজাতে বিসিবির বর্তমান পরিচালনা পর্ষদ বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। একই সঙ্গে সাবেক ড্যাশিং ওপেনার তামিম ইকবালকে বোর্ডের নতুন সভাপতি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

 

মঙ্গলবার সরকারের পক্ষ থেকে এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্তটি জানানো হয়। মূলত গত বছরের অক্টোবরে অনুষ্ঠিত বিসিবি নির্বাচনে নানা অনিয়মের অভিযোগ ওঠার পর গঠিত তদন্ত কমিটির প্রতিবেদনের ভিত্তিতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। পাঁচ সদস্যের সেই কমিটি তাদের রিপোর্টে নির্বাচনী প্রক্রিয়ায় বেশ কিছু গুরুতর ত্রুটি ও প্রশ্ন তুলে ধরেছে।

 

৩৭ বছর বয়সে বিসিবির দায়িত্ব গ্রহণ করে এক অনন্য ইতিহাস গড়লেন তামিম ইকবাল। তিনি বোর্ড ইতিহাসে সর্বকনিষ্ঠ সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন। তার নেতৃত্বে বিসিবি পরিচালনার জন্য ১১ সদস্যের একটি অ্যাডহক কমিটি গঠন করা হয়েছে। এই কমিটিতে সাবেক অধিনায়ক মিনহাজুল আবেদিন এবং সাবেক ক্রিকেটার ও বর্তমান ধারাভাষ্যকার আতহার আলী খানসহ বিশিষ্ট ক্রীড়া ব্যক্তিত্বরা স্থান পেয়েছেন।

 

জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) জানিয়েছে, আগের বোর্ডটি সঠিক নিয়ম মেনে গঠিত হয়নি এবং তাদের কার্যক্রম পরিচালনায় নানা অসংগতি লক্ষ্য করা গেছে। সামগ্রিক পরিস্থিতি বিবেচনা করে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলকে (আইসিসি) বিষয়টি অবহিত করা হয়েছে। এনএসসি আশা প্রকাশ করছে যে, ক্রিকেটের স্বার্থে নেওয়া এই সিদ্ধান্তকে আইসিসি ইতিবাচকভাবেই গ্রহণ করবে।

 

বোর্ডের এই পরিবর্তনের নেপথ্যে বেশ কিছু কারণ কাজ করেছে। বিদায়ী সভাপতি আমিনুল ইসলাম তার পদে থাকার আগ্রহ প্রকাশ করলেও নির্বাচন নিয়ে অনিয়ম, রাজনৈতিক প্রভাব ও পক্ষপাতিত্বের অভিযোগ পরিস্থিতি জটিল করে তোলে। এর মধ্যেই কয়েকজন পরিচালক পদত্যাগ করায় বোর্ড গভীর সংকটে পড়ে, যা শেষ পর্যন্ত এই বড় রদবদলে রূপ নেয়।

 

আজ মঙ্গলবার সন্ধ্যা ৬টায় মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বিসিবি কার্যালয়ে উপস্থিত হবেন তামিম ইকবালের নেতৃত্বাধীন নতুন অ্যাডহক কমিটি। সেখানে সন্ধ্যা সাড়ে ৬টায় তারা নিজেদের প্রথম আনুষ্ঠানিক সভায় মিলিত হবেন। এই সভার মাধ্যমেই বিসিবির নতুন কর্মপরিকল্পনা শুরু হতে যাচ্ছে।