নিজস্ব প্রতিবেদক
দেশের অর্থনীতির একটি বিশাল অংশ এখনও করের আওতার বাইরে রয়ে গেছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। তিনি বলেন, বর্তমান পরিস্থিতিতে করের হার না বাড়িয়ে বরং করের পরিধি বিস্তৃত করার মাধ্যমেই রাজস্ব আদায় বাড়ানো সম্ভব।
রবিবার (৫ এপ্রিল) পরিকল্পনা কমিশনের এনইসি সম্মেলন কক্ষে আয়োজিত ‘বাংলাদেশ গ্র্যাডুয়েশন রেডিনেস অ্যাসেসমেন্ট’ শীর্ষক সেমিনারের সমাপনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বাণিজ্যমন্ত্রী স্বীকার করেন যে, বাংলাদেশ বর্তমানে একটি চ্যালেঞ্জিং অর্থনৈতিক পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে। তিনি উল্লেখ করেন, অতীতে অনেক বড় প্রকল্প সঠিক পরিকল্পনা ও প্রস্তুতি ছাড়াই গ্রহণ করা হয়েছিল। ফলে প্রকল্পের ব্যয় ও বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে যেমন প্রশ্ন উঠেছে, তেমনি দেশের ওপর ঋণের বোঝাও বৃদ্ধি পেয়েছে।
খন্দকার আব্দুল মুক্তাদির জানান, বর্তমান সরকার দেশের অর্থনীতিকে সুশৃঙ্খল ও স্থিতিশীল করতে দৃঢ়প্রতিজ্ঞ। তিনি বলেন, “ইতিমধ্যে নেওয়া ঋণগুলো যথাযথভাবে ব্যবস্থাপনা করতে হবে এবং ভবিষ্যতে নতুন প্রকল্প গ্রহণের ক্ষেত্রে আমাদের আরও সতর্ক হতে হবে। টেকসই উন্নয়নের জন্য বাস্তবসম্মত প্রকল্প নির্বাচনের কোনো বিকল্প নেই।”
বাণিজ্যমন্ত্রী তার বক্তব্যে অভ্যন্তরীণ সম্পদ আহরণ বৃদ্ধির ওপর জোর দেন। তিনি মনে করেন, নিজেদের সম্পদ আহরণ বাড়াতে পারলে ঋণ পরিশোধের সক্ষমতা বাড়বে এবং দেশের উন্নয়ন কার্যক্রম একটি টেকসই ধারায় এগিয়ে যাবে। চলমান সংকট কাটিয়ে উঠতে সরকার কার্যকর পদক্ষেপ নিচ্ছে বলেও তিনি আশ্বস্ত করেন।
অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব মো. শাহরিয়ার কাদের ছিদ্দিকীর সভাপতিত্বে অনুষ্ঠিত এই সেমিনারে আরও উপস্থিত ছিলেন পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি এবং জাতিসংঘের আন্ডার সেক্রেটারি জেনারেল ও ইউএন-ওএইচআরএলএলএস-এর জ্যেষ্ঠ প্রতিনিধি রাবাব ফাতিমাসহ সংশ্লিষ্ট বিভিন্ন খাতের উর্ধ্বতন প্রতিনিধিরা।