নিজস্ব প্রতিবেদক
ধর্মবিশ্বাসকে ব্যক্তিগত বিষয় হিসেবে উল্লেখ করে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ধর্মকে রাষ্ট্রের প্রশাসনিক কাঠামোর অংশ না করে একটি শক্তিশালী অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ে তোলাই বর্তমান সরকারের মূল লক্ষ্য।
রবিবার (৫ এপ্রিল) রাজধানীর ভাটারায় খ্রিস্টান ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব ‘ইস্টার সানডে’ উপলক্ষে আয়োজিত এক শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বাংলাদেশের দীর্ঘ সামাজিক ঐতিহ্যে ধর্মকে পুঁজি করে বিভাজন সৃষ্টির কোনো স্থান নেই। দেশের সার্বিক উন্নয়নে ধর্মকে ব্যবহার করে ফায়দা লোটার সুযোগ দেওয়া হবে না। তিনি কিছু রাজনৈতিক শক্তির সমালোচনা করে বলেন, অশুভ শক্তিগুলো নিজেদের স্বার্থ হাসিলের জন্য সমাজে বিভেদ তৈরির অপচেষ্টা চালাচ্ছে, যা অত্যন্ত দুঃখজনক। এমনকি কেউ কেউ মহান মুক্তিযুদ্ধকেও অস্বীকার করার ধৃষ্টতা দেখায় বলে তিনি মন্তব্য করেন।
অনুষ্ঠানে বর্তমান জ্বালানি পরিস্থিতি নিয়ে কথা বলেন মন্ত্রী। তিনি জানান, দেশে পর্যাপ্ত জ্বালানি তেলের মজুদ রয়েছে এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয় থেকে এ বিষয়ে বারবার আশ্বস্ত করা হয়েছে। তিনি বলেন, “অনেকে আতঙ্কিত হয়ে অপ্রয়োজনে অতিরিক্ত তেল সংগ্রহ করছেন, যা বাজারে কৃত্রিম সংকট তৈরি করছে।” কোনো ধরনের গুজবে কান না দিয়ে নাগরিকদের ধৈর্য ধরার আহ্বান জানান তিনি।
বক্তব্যের শেষ পর্যায়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর তারেক রহমানের নেতৃত্বে গঠিত বর্তমান সরকারের প্রতি জনগণের সমর্থনের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, সত্য ও ন্যায়ের পথে থেকে দেশবাসীকে সঙ্গে নিয়ে বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে চায় বর্তমান সরকার।
শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে স্থানীয় প্রশাসনের কর্মকর্তা এবং খ্রিস্টান সম্প্রদায়ের বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।