সারাদেশ

ট্রাম্পের ৪৮ ঘণ্টার আলটিমেটাম সরাসরি প্রত্যাখ্যান ইরানের, পাল্টা হুঁশিয়ারি

নিজস্ব প্রতিবেদক
আপডেট: ১২:৫৬, ০৫ এপ্রিল ২০২৬
photo

বিশ্ববাণিজ্যের অত্যন্ত গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালি খুলে দিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দেওয়া ৪৮ ঘণ্টার সময়সীমা সরাসরি প্রত্যাখ্যান করেছে ইরান। ওয়াশিংটনের এই হুঁশিয়ারির বিপরীতে তেহরানও যুক্তরাষ্ট্রকে কঠিন পরিণতির পাল্টা সতর্কবার্তা দিয়েছে।


গত শনিবার সামাজিক যোগাযোগ মাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ দেওয়া এক পোস্টে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে চরম বার্তা দেন। তিনি উল্লেখ করেন, হরমুজ প্রণালি খুলে দেওয়ার জন্য ইতিপূর্বে দেওয়া ১০ দিনের সময়সীমা প্রায় শেষ। আগামী ৪৮ ঘণ্টার মধ্যে ইরান কোনো চুক্তিতে না পৌঁছালে বা জলপথটি উন্মুক্ত না করলে দেশটিতে ‘নরক’ নেমে আসবে বলে হুমকি দেন তিনি।

ট্রাম্পের এই আলটিমেটামকে ‘বিবেচনাহীন ও দিশাহারা আচরণ’ বলে অভিহিত করেছে ইরানের কেন্দ্রীয় সামরিক সমন্বয়কারী সংস্থা খাতাম আল-আম্বিয়া। সংস্থাটির জ্যেষ্ঠ কর্মকর্তা আলী আবদুল্লাহি আলীআবাদি এক বিবৃতিতে বলেন, ট্রাম্পের এই হুমকি মূলত তার অসহায়ত্বেরই বহিঃপ্রকাশ। তিনি সতর্ক করে বলেন, এ ধরনের উসকানিমূলক বক্তব্য বর্তমান পরিস্থিতিকে আরও জটিল ও বিপজ্জনক করে তুলবে, যার সম্পূর্ণ দায়ভার যুক্তরাষ্ট্রকেই নিতে হবে।


উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার পর থেকেই হরমুজ প্রণালি ঘিরে উত্তেজনা তুঙ্গে ওঠে। বিশ্বের জ্বালানি তেলের একটি বিশাল অংশ এই জলপথ দিয়ে পরিবাহিত হয় বলে বর্তমান সংকটে বৈশ্বিক তেলের বাজারে বড় ধরনের অস্থিরতা তৈরি হয়েছে। তেহরানের পক্ষ থেকে সাফ জানানো হয়েছে, যুক্তরাষ্ট্রের এমন হুমকিতে তারা পিছু হটবে না, বরং এটি জলপথে আরও বিশৃঙ্খলা ডেকে আনবে।