সারাদেশ

হাম মোকাবিলায় সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার, চলবে দেশব্যাপী টিকাদান: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
আপডেট: ১২:৪৫, ০৫ এপ্রিল ২০২৬
photo

দেশে হামের প্রাদুর্ভাব মোকাবিলায় সরকার অত্যন্ত দ্রুতগতিতে কাজ করছে এবং কোনো ধরনের টিকার ঘাটতি রাখা হবে না বলে আশ্বস্ত করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ডা. এম এ মুহিত। তিনি জানান, দেশের একটি শিশুও যেন টিকার আওতার বাইরে না থাকে, সে লক্ষ্যে কাজ করছে মন্ত্রণালয়।

রবিবার (৫ এপ্রিল) সকালে গাজীপুরের সদর উপজেলার মির্জাপুর ইউনিয়ন পরিষদে শিশুদের হাম-রুবেলা প্রতিরোধে জরুরি টিকাদান কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

স্বাস্থ্য প্রতিমন্ত্রী জানান, ইতোমধ্যে দেশের ১৮টি জেলার ৩০টি উপজেলায় এই জরুরি টিকাদান কার্যক্রম শুরু হয়েছে। তিনি বলেন, “আমাদের সরকার সম্পূর্ণ বৈজ্ঞানিক পদ্ধতির ভিত্তিতে এই সিদ্ধান্তগুলো নিচ্ছে। বিশেষজ্ঞ কমিটির পরামর্শ এবং ইউনিসেফ ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার সহযোগিতায় আমরা প্রতিদিনের তথ্য বিশ্লেষণ করছি। কোন উপজেলাগুলোতে আক্রান্তের হার বেশি, তা শনাক্ত করে ব্যবস্থা নেওয়া হচ্ছে।”

প্রতিমন্ত্রী ডা. এম এ মুহিত স্থানীয় প্রতিনিধিদের এই কর্মসূচিতে গুরুত্ব দেওয়ার আহ্বান জানান। একইসঙ্গে যারা টিকা নিচ্ছেন, তাদের প্রতি অনুরোধ জানিয়ে তিনি বলেন, বাড়িতে গিয়ে প্রতিবেশী ও আত্মীয়-স্বজনদের শিশুদেরও টিকা কেন্দ্রে পাঠানোর জন্য উৎসাহিত করতে হবে। সরকার এই কার্যক্রমকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে এবং ইনশাআল্লাহ ভয়ের কোনো কারণ নেই।


টিকাদান কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন গাজীপুর-২ আসনের সংসদ সদস্য এম মঞ্জুরুল করিম রনি, গাজীপুর-৩ আসনের সংসদ সদস্য রফিকুল ইসলাম বাচ্চু, গাজীপুরের জেলা প্রশাসক, পুলিশ সুপার, জেলা সিভিল সার্জন এবং ইউনিসেফের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।